
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল ৮টায় চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে সশস্ত্র পুলিশ পরিদর্শক ছাইদুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট এবং ব্যান্ড দলের মনোমুগ্ধকর প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন চাঁদপুরের পুলিশ সুপার।
প্যারেডশেষে পুলিশ সুপার জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, যানবাহন শাখা, সি-স্টোর, পুলিশ হাসপাতাল এবং ফোর্সের মেস ও ব্যারাক ঘুরে দেখেন। পরিদর্শন পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তরের ইনচার্জ ও পুলিশ লাইন্সের আরআই-কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরবর্তী বক্তব্যে পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মাস্টার প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. জাবীর হুসনাইন সানীব ও সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




