আশিকাটিতে ফ্ল্যাটবাসা থেকে অষ্টম শ্রেণির ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে একটি ফ্ল্যাটবাসা থেকে ফাতেমা (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। ফাতেমা শাহতলী গ্রামের মোহাম্মদ মামুনের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জরুরি প্রয়োজনে ফাতেমার বাবা-মা বাইরে গেলে তাকে বাসায় একা রেখে যান। পরে তারা বাসায় ফিরে দুর্গন্ধ পেয়ে বিষয়টি বুঝতে পারেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসা থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে বলে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত করা হবে।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও অন্যান্য আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সম্পর্কিত খবর