
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের কচুয়া উপজেলার কার্যক্রম নিযিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কচুয়া উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে চাঁদপুরে সন্ত্রাস বিরোধী মামলায় জেল গেইট থেকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। (মামলা নং-১২০, জিআর-৯৮৭, তারিখ :২৪ আগস্ট ২০২৬) মামলায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়।
উক্ত মামলায় তাকে সন্ধিক আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে ৭অক্টোবর চাঁদপুরের আদালতে প্রেরণ করেছে। আদালত থেকে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৭অক্টোবর) দৈনিক চাঁদপুর খবরকে এ তথ্য নিশ্চিত করেন তার ছোট ভাই এডভোকেট সোহাগ উদ্দিন।
মঙ্গলবার (৬অক্টোবর) চাঁদপুর আদালত থেকে জামিন পেলে পুনরায় তাকে জেল গেইট থেকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ হেলাল উদ্দিনকে গত ৩০ আগস্ট সকালে জি আর ৩৭০/২০২৬ এবং জি আর ৪০৮/২০২৬ মামলায় গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।
পরে ৩০ আগস্ট ২০২৬ দুপুরে চাঁদপুর সদর মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত হেলাল উদ্দিন কচুয়া উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
সে সময় তার বিরুদ্ধে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু তাহের মোল্লা বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনের একাধিক ধারায় মামলা দায়ের করেন। তিনি ওই মামলার প্রধান আসামি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৫ আগস্ট রাতে কচুয়া থানাধীন পালাখাল ইউনিয়নের এনায়েতপুর গ্রামের জনৈক জামাল পাটোয়ারীর বাড়িতে আসামিরা একত্রিত হন। সেখানে তারা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্নিত করার গভীর ষড়যন্ত্র করছিলেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামিরা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ ও এর আদর্শকে সমর্থন করেন। জনমনে আতঙ্ক সৃষ্টি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনার উদ্দেশ্যে ঘটনাস্থলে মিলিত হয়ে তারা মিছিলে অংশগ্রহণ ও পৃষ্ঠপোষকতা করেছেন।




