কচুয়ায় সরকারি খাল থেকে বালু উত্তোলন, ড্রেজার মেশিন বিনষ্ট

কচুয়া প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন, পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার মেঘদাইর এলাকার ডাক্তার বাড়ির পেছনে এ অভিযান পরিচালনা করেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. ইমাম হোসেন পাটোয়ারী।

অভিযানকালে ঘটনাস্থলে প্রায় ২০০ মিটার বালু উত্তোলনের পাইপসহ ড্রেজার মেশিন ও অন্যান্য সরঞ্জাম পাওয়া যায়। পরে সেগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে থাকা বালু উত্তোলনকারীরা দৌড়ে পালিয়ে যায়।

অভিযানের বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. ইমাম হোসেন পাটোয়ারী বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও ড্রেজার মেশিন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিছু মালামাল জব্দ করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর