
নিজস্ব প্রতিনিধি : আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, চাঁদপুরের কলেজ শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে (টি.আর.) শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক ডা. শেখ মো. মহসীন।
জেলা প্রশাসক, চাঁদপুরের শিক্ষা শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাঈমা আফরোজের সার্বিক তত্ত্বাবধানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত শিক্ষক প্রতিনিধি ডা. শেখ মো. মহসীন সকল ভোটারসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
৪ অক্টোবর ২০২৬, রোববার দুপুর ১২টা থেকে অনুষ্ঠিত এ নির্বাচনে সহযোগী অধ্যাপক আলহাজ্ব ডা. মো. সাহিদুল হক পাটোয়ারী ও সহকারী অধ্যাপক ডা. শেখ মো. মহসীন প্রতিদ্বন্দ্বিতা করেন।
ডা. সাহিদুল হক পাটোয়ারী অত্র হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও রোটারিয়ান ডা. মোজাম্মেল হক পাটোয়ারীর ছোট ভাই।
কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক, চাঁদপুর পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রথমেই শিক্ষক প্রতিনিধি নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নেন।
জেলা প্রশাসক কর্তৃক এ নির্বাচনের দায়িত্ব অর্পণ করা হয় জেলা প্রশাসনের শিক্ষা শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাঈমা আফরোজের ওপর।
কলেজটির প্রতিষ্ঠার পেছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। কলেজ প্রতিষ্ঠার উষালগ্ন থেকেই ডা. শেখ মহসীন নিঃস্বার্থভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন।
দল-মতনির্বিশেষে চাঁদপুরবাসীর ভালোবাসায় শত বাধা-বিপত্তি পেরিয়ে কলেজটি আজ প্রতিষ্ঠিত হয়েছে।




