চাঁদপুরে রাতে অযাচিত ঘোরাফেরায় ১৯ কিশোর আটক, ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরার অভিযোগে ১৯ কিশোরকে আটক করা হয়েছে। এ সময় আটক ব্যক্তিদের মধ্যে একজনের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তি দুই বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) রাতে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদের তত্ত্বাবধানে থানার একাধিক টিম সদর মডেল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, আটক কিশোরদের জিজ্ঞাসাবাদ করা হলে রাতে ঘোরাফেরার বিষয়ে তারা সন্তোষজনক কোনো কারণ জানাতে পারেনি। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে এনে ভবিষ্যতে রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা না করার বিষয়ে সতর্ক করা হয়।

আটক ১৯ জনের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি। প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

অপরদিকে, আরও পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আটক অপর একজন দুই বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে। তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, কিশোরদের রাতে অযাচিতভাবে ঘোরাফেরা, মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর