
চাঁদপুর খবর রিপোর্ট : “সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণ এবং সবার জন্য নিরাপদ, মানসম্মত ও টেকসই বাসস্থান নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ণ, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকি বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য নগর গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
জেলা প্রশাসক আরও বলেন, টেকসই নগরায়ণের জন্য আবাসন ব্যবস্থার পাশাপাশি সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য নাগরিক সেবার উন্নয়ন নিশ্চিত করতে হবে। সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে সবার জন্য নিরাপদ ও বাসযোগ্য নগর প্রতিষ্ঠা সম্ভব।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, “আমাদের মৌলিক চাহিদার অন্যতম হলো বাসস্থান বা আশ্রয়। বসতি মানে কেবল মাথার ওপর একটি ছাদ নয়; বসতি মানে একটি নিরাপদ পরিবেশ, যেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারে, তার সন্তানরা সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত থাকে।”
তিনি বলেন, “আমরা আমাদের নগরায়ণকে সঠিকভাবে রক্ষা করতে পারছি না। আমরা যত্রতত্র ভবন নির্মাণ করে ফেলছি। আগামীতে আমরা কেমন নগরায়ণ চাই, তা এখনই পরিকল্পনা করতে হবে। নগরায়ণ সম্পর্কে আমরা গণমাধ্যমে তুলে ধরব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগ, চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো। শুরুতে বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ও তাৎপর্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় পর্যবেক্ষক মো. ইমরান হোসেন।
আলোচনা সভায় জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ক্যাপশন-১: চাঁদপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
ক্যাপশন-২: চাঁদপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত হয়।




