
চাঁদপুর খবর রিপোর্ট : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন চেয়েছেন চাঁদপুর সদর থানা বিএনপির সহ-সভাপতি ও মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।
৪ অক্টোবর (রোববার) মৈশাদী বাজারে বিএনপির কার্যালয়ে তিনি মৈশাদী ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় মোহাম্মদ মনিরুজ্জামান মানিক বলেন, “দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে আমরা কাজ করব। চাঁদপুর জেলা বিএনপির অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। আমাদের তিনজনের প্রতি এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের অভিভাবকসুলভ নজর রয়েছে। আমি আপনাদের কাছে ওয়াদা করছি, আমাদের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই যে সিদ্ধান্ত দেবেন, আমি তাঁর সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা ঘোষণা করে মেনে নেব।”
তিনি বলেন, “আমি বিগত বছরগুলোতে আমার সঙ্গে তৃণমূলে আপনারা যারা আছেন, আপনারাই আমার বড় শক্তি। আপনারা আমার প্রাণ, আপনারা আমার স্পন্দন। আপনাদের সঙ্গে ভালো-মন্দ নিয়ে আছি এবং ভবিষ্যতেও থাকব। আপনাদের প্রতি আমার শ্রদ্ধাবোধ, স্নেহবোধ এবং আস্থা ও বিশ্বাস আছে। সেটাকে ধারণ করে আমি আজকে আমার মনোনয়নপত্র দাখিল করেছি। সবাই দোয়া করবেন।”
জানা গেছে, মোহাম্মদ মনিরুজ্জামান মানিক মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি বর্তমানে চাঁদপুর সদর থানা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর সমর্থকদের দাবি, তিনি বিগত সরকারের আমলে মৈশাদী ইউনিয়ন বিএনপিকে সংগঠিত রাখতে ভূমিকা রেখেছেন। দলের দুঃসময়ে তিনি আন্দোলন-সংগ্রাম ও বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।
এ সময় মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মো. খাইরুল বাসার খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




