শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর খবর রিপোর্ট : জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে জড়িত না হওয়ার দলীয় সিদ্ধান্ত অমান্য করে সালিশ বৈঠকে জড়ানোর অভিযোগে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চাঁদপুর সদর উপজেলা বিএনপি।

রোববার (৪ অক্টোবর) চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী স্বাক্ষরিত ওই নোটিশে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার বা সালিশ বৈঠকে জড়িত না হওয়ার জন্য চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি চাঁদপুর সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সকল নেতৃবৃন্দকে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছিল।

একই বিষয়ে স্বপন মাহমুদকেও চিঠি ও মৌখিকভাবে সতর্ক করা হয়। কিন্তু উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে হবে।

কারণ দর্শানোর নোটিশের অনুলিপি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিমের কাছে পাঠানো হয়েছে। তবে নোটিশে উত্থাপিত অভিযোগের বিষয়ে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সম্পর্কিত খবর