চাঁদপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর ২০২৬) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, প্রতিমার অবয়ব গঠন ও মণ্ডপের পরিবেশ রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবেই রাজনৈতিক বা ধর্মীয় উসকানিমূলক বার্তা ছড়িয়ে না পড়ে।

মণ্ডপের সাউন্ড সিস্টেম প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, দুর্গাপূজার সঙ্গে বাংলা সংস্কৃতির গভীর সম্পর্ক রয়েছে। বিদেশি অপসংস্কৃতি পরিহার করে মণ্ডপগুলোতে ভক্তিমূলক ও মার্জিত বাংলা গান বাজানোর অনুরোধ জানান তিনি। একই সঙ্গে মণ্ডপে প্রবেশ ও প্রস্থানের জন্য সুনির্দিষ্ট পথ রাখা এবং যানজট নিরসনে সড়ক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকদের ভূমিকা আরও জোরদার করতে হবে। জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক যোগাযোগের আশ্বাস দিয়ে তিনি উপস্থিত নেতৃবৃন্দকে যেকোনো সমস্যায় সরাসরি পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান।

সভায় জানানো হয়, এ বছর চাঁদপুর জেলায় গতবারের চেয়ে ৮টি বেড়ে মোট ২৩২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর এ সংখ্যা ছিল ২২৪টি। এর মধ্যে চাঁদপুর পৌরসভা এলাকায় ৩৫টি এবং পৌরসভার বাইরে সদর উপজেলায় ৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সভায় মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করা, উচ্চস্বরে ইকো সেট বাজানো পরিহার, বিদ্যুৎ সাশ্রয় এবং পর্যাপ্তসংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও চাঁদপুর পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সোহাগ হোসেন উপস্থিত ছিলেন।

উন্মুক্ত আলোচনা পর্বে জেলার বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তব্য দেন পরেশ মালাকার, গোপাল চন্দ্র সাহা, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রুহিদাস বণিক, সমর লাল দত্ত, নিখিল চন্দ্র মজুমদার, অমৃত মজুমদার টুটন, ফণী ভূষণ, বিকাশ, কিশোর কুমার ঘোষ, চন্দন সাহা, শ্যামল চন্দ্র দাস, প্রবীর চক্রবর্তী, নেপাল সাহা, অ্যাডভোকেট সুমন সরকার জয়, বিবেক লাল মজুমদার, অজয় মজুমদার, কার্তিক সরকার ও মানিক লাল ঘোষ। সভাশেষে সমন্বিত প্রচেষ্টা ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও সর্বজনীনভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সম্পর্কিত খবর