
চাঁদপুর খবর রিপোর্ট: নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা সরকারি গণগ্রন্থাগারে ‘নজরুল কর্নার’ এবং চাঁদপুর জেলার স্থানীয় লেখকদের বই নিয়ে ‘স্থানীয় লেখক কর্নার’-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) চাঁদপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের পাঠকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ। এছাড়া লেখক-সাহিত্যিকদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ ফরিদ হাসান, নুরুন্নাহার মুন্নিসহ স্থানীয় বিভিন্ন লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
এর আগে জেলা প্রশাসকের উপস্থিতিতে ‘সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়ন’ সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় লেখক-সাহিত্যিক, বেসরকারি পাঠাগারের সংগঠক, গণগ্রন্থাগারের নিয়মিত পাঠক, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
মতবিনিময় সভায় চাঁদপুর জেলা সরকারি গণগ্রন্থাগারে পাঠকের সংখ্যা বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত লেখক, পাঠক, শিক্ষক, শিক্ষার্থী ও পাঠাগার সংগঠকদের কাছ থেকে গণগ্রন্থাগারের সেবার মানোন্নয়ন এবং পাঠক বৃদ্ধিতে বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।
আলোচনা ও মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ‘নজরুল কর্নার’ ও ‘স্থানীয় লেখক কর্নার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নতুন এ দুই কর্নারের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মের সঙ্গে পাঠকদের আরও নিবিড়ভাবে পরিচিত হওয়ার পাশাপাশি চাঁদপুরের স্থানীয় লেখক-সাহিত্যিকদের সৃষ্টিকর্ম পাঠকদের কাছে সহজে তুলে ধরার সুযোগ সৃষ্টি হলো বলে সংশ্লিষ্টরা জানান।




