ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার

চাঁদপুর খবর রিপোর্ট: স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক সেমিনার ও প্রশিক্ষণ সনদ প্রদান অনুষ্ঠান আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

শনিবার (৩ অক্টোবর) ঢাকার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যাপক ড. আমিনুল ইসলাম সেমিনার হলে’ ‘এআই ফর হেলথকেয়ার প্রফেশনালস’ শীর্ষক এ সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডিআইইউ-এর ‘অফিস অব দ্য অ্যাডভাইজার, স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন’, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এবং ড্যাফোডিল গ্রুপের ‘স্কিল জবস’-এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুই মাসব্যাপী প্রথম প্রশিক্ষণ ব্যাচের সফল সমাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৪০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্যসেবা পেশাজীবী ও হাসপাতাল ব্যবস্থাপনার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল।

সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশনের উপদেষ্টা এবং জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ড. গিয়াস ইউ. আহসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য আকিব আরাফাত খান, হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার, পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. খন্দকার মোয়াজ্জেম হোসেন, সিএসই বিভাগের অধ্যাপক ও প্রধান অধ্যাপক ড. শেখ রাশেদ হায়দার নূরী, জনস্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ড. এ. বি. এম. আলাউদ্দিন চৌধুরী, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম এবং ‘স্কিল জবস’-এর বিজনেস হেড ও ডিআইইউ-এর সিডিসির ইন্ডাস্ট্রিয়াল লিংকেজ প্রধান মনোয়ারুল ইসলাম রেবেল।

সেমিনারে স্বাস্থ্যসেবা খাতে নৈতিক ও দায়িত্বশীলভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ক্লিনিক্যাল কর্মদক্ষতা বৃদ্ধি, সক্ষমতা উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী এআইভিত্তিক সমাধান নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে স্বাস্থ্যসেবা পেশাজীবী ও প্রযুক্তি খাতের সংশ্লিষ্টদের এক প্ল্যাটফর্মে এনে এআই এবং ব্যক্তিকেন্দ্রিক (পার্সোনালাইজড) এজেন্টের ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের তৈরি সেরা তিনটি এআই এজেন্ট প্রদর্শন করা হয়। অসামান্য অর্জনের স্বীকৃতিস্বরূপ তাদের ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি প্রশিক্ষণে সফলভাবে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর