
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ মুন্সির নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন—এমন এক ব্যক্তির উপস্থিতি নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিকে কেন্দ্র করে এ আলোচনা আরও জোরালো হয়েছে। ছড়িয়ে পড়া ছবিগুলোতে গজরা ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার আবদুর রশিদকে সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। এসব ছবি নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর প্রশ্ন, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন—এমন ব্যক্তিরা একজন বিএনপি নেতার নির্বাচনী প্রচারণায় কী ভূমিকা রাখছেন এবং বিষয়টি দলীয় নেতাকর্মীদের কাছে কতটা গ্রহণযোগ্য। তবে আবদুর রশিদের বর্তমান রাজনৈতিক অবস্থান বা হাফেজ মুন্সির প্রচারণায় তার ভূমিকা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য দেখা গেছে। বিশেষ করে বিএনপির তৃণমূল নেতাকর্মী ও তরুণদের একটি অংশ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।
তাদের ভাষ্য, নির্বাচনী প্রচারণায় সক্রিয় ব্যক্তিদের বর্তমান রাজনৈতিক অবস্থান ও অতীত কর্মকাণ্ডের বিষয়ে স্বচ্ছতা থাকা প্রয়োজন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে হাফেজ মুন্সির নির্বাচনী প্রচারণায় কারা সক্রিয় এবং তাদের রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড কী। বিষয়টি নিয়ে দলের তৃণমূল পর্যায়েও আলোচনা চলছে বলে স্থানীয় কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে।
এদিকে, এ অভিযোগ ও আলোচনার বিষয়ে বক্তব্য জানতে চেয়ারম্যান প্রার্থী হাফেজ মুন্সির মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আবদুর রশিদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে তা প্রকাশ করা হবে।




