মুহাদ্দিস মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক (মাদ্রাসা)’ নির্বাচিত হয়েছেন। শিক্ষাদান, নৈতিক মূল্যবোধ সৃষ্টি, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেছেন।

শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হওয়াকে শিক্ষকতা পেশায় তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। মুহাদ্দিস মাওলানা মো. মোশাররফ হোসাইন দীর্ঘদিন ধরে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসায় শিক্ষকতা করছেন।

শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মূল্যবোধ, দেশপ্রেম, সহনশীলতা ও সামাজিক দায়িত্ববোধের বিষয়ে উদ্বুদ্ধ করে আসছেন তিনি। সহজ ও সাবলীলভাবে পাঠদান এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষভাবে উৎসাহিত করার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরিতে তিনি ভূমিকা রাখছেন। দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার চাহিদার সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে দিকনির্দেশনা দেওয়া তাঁর শিক্ষা কার্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য।

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা পরিবেশ উন্নয়ন, ডিজিটাল শিক্ষার সংযোজন এবং সহশিক্ষা কার্যক্রমেও তাঁর অবদানের কথা উল্লেখ করা হয়েছে। মুহাদ্দিস মাওলানা মো. মোশাররফ হোসাইন চাঁদপুর জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন ও চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত কালেক্টরেট জামে মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরের অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্সের একজন মাস্টার ট্রেইনার। শিক্ষাজীবনে তিনি ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসা থেকে কামিল (হাদিস) পরীক্ষায় প্রথম শ্রেণি অর্জন করেন। চাঁদপুর সরকারি কলেজ থেকে বিএ ও এমএ ডিগ্রি প্রথম শ্রেণিতে সম্পন্ন করেন। পরে দারুল উলূম, ঢাকা থেকে ইফতা বিষয়ে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।

জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুরের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নজিবুর রহমানের তত্ত্বাবধানে তিনি ২০২২ সালে এমফিল ডিগ্রি অর্জন করেন। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহা. বিলাল হুসাইনের তত্ত্বাবধানে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে পিএইচডি কোর্সে ভর্তি হয়েছেন।

তাঁর গবেষণার বিষয় ‘আব্বাসীয় যুগে আরবি অভিধানচর্চা ও বিকাশ’। মাওলানা মো. মোশাররফ হোসাইনের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হওয়ার এ অর্জন চাঁদপুরের মাদ্রাসা শিক্ষা অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

তাঁর এ অর্জন শিক্ষকতা পেশায় নিয়োজিত অন্যদেরও শিক্ষা ও গবেষণায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। শিক্ষা অঙ্গনে তাঁর অব্যাহত অবদান, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেছেন সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।

সম্পর্কিত খবর