রাষ্ট্রপতির সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, বিগত আমলের রেখে যাওয়া ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। তিনি উল্লেখ করেন, নানা ধরনের শিক্ষাব্যবস্থাকে একত্রিত করে একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা চালু করা প্রয়োজন। বিগত ফ্যাসিস্ট আমলে ঢালাওভাবে মানহীন শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন দেওয়ায় অদক্ষ জনশক্তি তৈরি হয়েছে। এ সময় তিনি বলেন, ভোকেশনাল ও কারিগরি শিক্ষাব্যবস্থার ওপর আরও জোর দিতে হবে। এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে জনশক্তি রপ্তানি এবং আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, আমাদের সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি, কর্মসংস্থান ও প্রয়োজন—সবকিছু বিবেচনায় নিয়ে শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। সাক্ষাৎকালে প্রতিনিধি দল দেশের উচ্চশিক্ষার সার্বিক উন্নয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান অবস্থা, দক্ষ মানবসম্পদ গঠন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবদানের বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। তাঁরা কর্মদক্ষতা ও ফলাফলভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা চালু করা, নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদনের ক্ষেত্রে জাতীয় প্রয়োজন, বিষয়ভিত্তিক চাহিদা, বিনিয়োগ সক্ষমতা ও গুণগত মান বিবেচনায় নেওয়া এবং অনুমোদন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সংস্কারের দাবি জানান।

এপিইউবির প্রতিনিধিদলের সদস্যরা যোগ্য বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি ডিগ্রি প্রদান, গবেষণা, পেটেন্ট ও বাণিজ্যিকীকরণের পূর্ণ সুযোগ দেওয়া, শিল্প-সংযুক্ত পাঠ্যক্রম, ইন্টার্নশিপ, শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিসশিপ), বিদেশি ভাষা শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং পেশাগত দক্ষতার মাধ্যমে প্রত্যেক গ্র্যাজুয়েটকে কর্মসংস্থানযোগ্য করে তোলার দাবি জানান।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) সহায়ক ও উন্নয়নমুখী নিয়ন্ত্রক সংস্থা হিসেবে গড়ে তোলা এবং একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা প্রণয়নেরও দাবি জানান তাঁরা।

রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চশিক্ষার প্রসার, গবেষণা, উদ্ভাবন এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে বলেন, কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান অটুট রেখেছে। বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর হিসেবে রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে এপিইউবি চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে প্রতিনিধি দলে সংগঠনের ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ ও কে.বি.এম. মঈন উদ্দিন চিশতি, ট্রেজারার কায়ুম রেজা চৌধুরী, এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য আব্দুল কাসেম হায়দার, কাজী জাহেদুল হাসান ও নওশাদ শামসুল আরেফিন এবং এপিইউবি সচিবালয়ের পরিচালক বেলাল আহমেদ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর