
সাইদ হোসেন অপু চৌধুরী : কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ইলিশ সম্পদ রক্ষা ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে সরকার সময়োপযোগী ও বাস্তবমুখী নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ৭ থেকে ১৩ এপ্রিল দেশব্যাপী ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’ উদযাপিত হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে মৎস্য অধিদপ্তর-এর আয়োজনে চাঁদপুর শহরের বড় স্টেশন মূলহেডে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তর-এর সমন্বিত উদ্যোগে ইলিশের টেকসই উৎপাদন বৃদ্ধি এবং ইলিশের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এ লক্ষ্যে জাটকা ও প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ, নির্দিষ্ট সময়ে মাছ ধরা নিষেধাজ্ঞা, অভয়াশ্রম স্থাপন ও ব্যবস্থাপনা এবং মৎস্য সংরক্ষণ আইনের কার্যকর বাস্তবায়ন করা হচ্ছে। এসব কার্যক্রমের ফলে ইলিশ উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে ২০২৪-২৫ অর্থবছরে ৫ লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে।
তিনি আরও বলেন, নদী ভরাট, জলবায়ু পরিবর্তন, নদী দূষণ এবং মৎস্যসম্পদের ওপর ক্রমবর্ধমান চাপের কারণে ইলিশ উৎপাদনের এ ধারাবাহিকতা ধরে রাখা বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সঙ্গে নিয়ে মন্ত্রণালয় কাজ করবে।

মন্ত্রী বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ এবং জাতীয় অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম। দেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ইলিশ ওতপ্রোতভাবে জড়িত। পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, জেলেদের জীবিকা নির্বাহ, গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং আর্থ-সামাজিক উন্নয়নে ইলিশের অবদান গুরুত্বপূর্ণ। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় ৯.৭৯ শতাংশ এবং জিডিপিতে প্রায় ১ শতাংশ। বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৮০ শতাংশের বেশি আহরিত হয় বাংলাদেশের নদ-নদী, মোহনা ও সাগর থেকে। ইলিশ আহরণকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষস্থানে। বাংলাদেশের ইলিশ ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃত। প্রায় ৬ লাখ মানুষ সরাসরি ইলিশ আহরণে এবং ২০–২৫ লাখ মানুষ পরিবহন, বিপণন, জাল-নৌকা তৈরি, বরফ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানিসহ বিভিন্ন কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। তাই ইলিশ সম্পদের উন্নয়নের মাধ্যমে সবার হাতের নাগালে ইলিশ পৌঁছে দিতে সরকার কাজ করছে।
তিনি জানান, ইলিশসমৃদ্ধ দেশের ২০টি জেলায় এ কর্মসূচি পালিত হবে। তিন দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে সচেতনতামূলক নানা কার্যক্রম নেওয়া হয়েছে।
ইলিশ রক্ষায় সরকারের কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, টেকসই উন্নয়নে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত (৫৮ দিন) বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ আহরণ বন্ধ রাখা হবে। ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। ৬টি ইলিশ অভয়াশ্রম প্রতিষ্ঠা, নির্দিষ্ট সময়ে মাছ ধরা বন্ধ, ৩ হাজার ১৮৮ বর্গকিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত অঞ্চল ঘোষণা, জেলেদের জন্য ভিজিএফ খাদ্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
ইলিশের দাম প্রসঙ্গে তিনি বলেন, উৎপাদন বাড়লে সরবরাহ বাড়বে, আর সরবরাহ বাড়লে বাজারে দাম স্বাভাবিকভাবেই কমে আসবে। উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত পুরো প্রক্রিয়াকে আরও কার্যকর করতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৎস্য অধিদপ্তর-এর মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বলেন, ইলিশ চাঁদপুরের ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। ইলিশের প্রাকৃতিক প্রজননক্ষেত্র ও জাটকার প্রধান বিচরণভূমি হওয়ায় চাঁদপুরের দায়িত্বও বেশি। ইলিশ সম্পদ রক্ষায় সরকারের গৃহীত কর্মসূচি সফল করতে জেলে, ব্যবসায়ী, স্থানীয় প্রশাসন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, জাটকা ধরা, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তা নিশ্চিত করাও জরুরি। ইলিশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইলিশ সম্পদ সুরক্ষিত থাকবে এবং চাঁদপুর তার ঐতিহ্য ধরে রাখতে সক্ষম হবে।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ইলিশ সংরক্ষণে সরকারের নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মৎস্য বিভাগের তদারকি আরও জোরদার করতে হবে। একই সঙ্গে জেলে পরিবারগুলোর সামাজিক সুরক্ষা, প্রশিক্ষণ ও বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করলে তারা নিষেধাজ্ঞার সময় আইন মেনে চলতে বেশি উৎসাহিত হবে। ইলিশ রক্ষায় চাঁদপুরবাসী সব সময় অগ্রণী ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মৎস্য অধিদপ্তর-এর সহকারী পরিচালক মোস্তফা আল-রাজীব, সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন এবং পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা তাপসী মরিয়মের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান, মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এর মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, বাংলাদেশ কোস্ট গার্ড-এর লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান, নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিমুল্লাহ সেলিম,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী এবং পৌর মৎস্যজীবী দলের সভাপতি আমিন শেখ জিলানী।



