
চাঁদপুর খবর রিপোর্ট : বাংলাদেশ বিমান বাহিনীর এফ- ৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) গতকাল সোমবার (২১ জুলাই ২০২৫খ্রি.) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানটি ১ টা ৬ মিনিটে উড্ডয়ন করে। সন্ধ্যা সাড়ে ৭টায় আইএসপিআর জানায়, আকস্মিক এই বিমান দুর্ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেনেন্ট মো. তৌকির ইসলামসহ ২০ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আটজন, বার্ন ইনস্টিটিউটের ৭০ জন, ঢাকা মেডিকেলে তিনজন, ঢাকা সিএমএইচে ১৭ জন, কুর্মিটোলায় একজন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে ১১ জন, উত্তরা আধুনিক হসপিটালে ৬০ জন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন বলে আইএসপিআর জানায়।
আহতদের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধান উপদেষ্টা :
রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আহতদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাদের মৃতদেহ অতিসত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না তাদের মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এতে আরো বলা হয়, আহতদের চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। চিকিৎসাকাজ নির্বিঘ্নে করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
রাষ্ট্রীয় শোক ঘোষণা : রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই ২০২৫খ্রি.) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। গতকাল সোমবার (২১ জুলাই ২০২৫খ্রি.) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় রাষ্ট্রীয় শোক পালনের বিষয়টি জানানো হয়।
বার্তায় বলা হয়, শোক পালনের উদ্দেশ্যে দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়াও আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
প্রধান বিচারপতির শোক : ঢাকার উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
একই সাথে তিনি এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এক শোক বার্তায় প্রধান বিচারপতি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারিসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।
ইতোমধ্যে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বার্ন ইউনিটে চিকিৎসারত আহতদের খোঁজ খবর নিতে ও প্রয়োজনীয় সহযোগীতার নির্দেশনা প্রদান করেছেন।
স্বাস্থ্য উপদেষ্টার শোক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের কারণে মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার এক শোকবার্তায় স্বাস্থ্য উপদেষ্টা নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এর পূর্বে স্বাস্থ্য উপদেষ্টা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে যান এবং সেখানে চিকিৎসাধীন আহত ও অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসা সম্পর্কে খোঁজ-খবর নেন এবং হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিস্তারিত কথা বলেন।
বিমান বাহিনী প্রধানের শোক : বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
জামায়াত আমিরের শোক প্রকাশ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার এক শোক বিবৃতিতে জামায়াত আমির বলেন, সোমবার দুপুরে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির এবং অনেক শিক্ষার্থী শাহাদাত বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এ ঘটনায় এখনো শতাধিক শিক্ষার্থী দগ্ধ ও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কাজে অংশগ্রহণ এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রবের নিকট কায়মনোবাক্যে দোয়া করছি। নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আহত সকলের পরিপূর্ণ সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত চান তারেক রহমান : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে সোমবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আজকের বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হোক—আমি এই দাবি করছি।’
বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও বেদনার্ত হয়েছি। এই ঘটনায় সারা জাতি শোকে মুহ্যমান।
তিনি বলেন, ‘মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এই বিমান দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি। আমি নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই সব শোকার্ত পরিবারগুলোকে সন্তান হারানো কিংবা আহত হওয়ার ঘটনায় ধৈর্যধারণের ক্ষমতা দান করেন।’
বিবৃতিতে বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করেছেন তারেক রহমান।




