
চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহজাহান গাজীকে ১৮১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
গতকাল রোববার (১৫ নভেম্বর ) আদালতের মাধ্যমে চাঁদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। শনিবার লক্ষ্মীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর শাহী মসজিদের সামনে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার এসআই নাজমুল ও এএসআই সুমনের নেতৃত্বে পুলিশের একটি দল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। এ সময় শাহজাহান গাজীকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৮১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের অভিযোগ, শাহজাহান গাজী দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের অবৈধ কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িত। তাকে গ্রেপ্তারের জন্য এর আগেও পুলিশ একাধিকবার অভিযান পরিচালনা করে। এ সময় তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলার চেষ্টার অভিযোগও রয়েছে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহজাহান গাজীর মাধ্যমে লক্ষ্মীপুর ইউনিয়ন ও আশপাশের এলাকায় মাদক ছড়িয়ে পড়ত। পুলিশ সুপারের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এদিকে চিহ্নিত এই মাদক ব্যবসায়ীর গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তবে এলাকাবাসীর দাবি, মাদক ব্যবসার সঙ্গে জড়িত তার সহযোগীদেরও চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক।



