ঝালকাঠিতে বোমা হামলায় নিহত দুই বিচারকের স্মরণে চাঁদপুরে স্মরণসভা

স্টাফ রিপোর্টার: ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে জঙ্গিদের বোমা হামলায় নিহত বিচারক শহীদ জগন্নাথ পাঁড়ে ও শহীদ সোহেল আহমদের ২১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁদপুরে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলনকক্ষে জেলা বিচার বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার। এ সময় চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমানসহ জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন পর্যায়ের বিচারকরা উপস্থিত ছিলেন।
স্মরণসভায় শহীদ দুই বিচারকের কর্মময় জীবন, বিচার বিভাগের প্রতি তাঁদের নিষ্ঠা, দায়িত্ববোধ ও আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ নভেম্বর সকালে ঝালকাঠি শহরে কর্মস্থলে যাওয়ার পথে জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলার শিকার হন তৎকালীন সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমদ। ভয়াবহ ওই হামলায় ঘটনাস্থলে বিচারক সোহেল আহমদ নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন বিচারক জগন্নাথ পাঁড়ে।

বিচার বিভাগের ওপর জঙ্গিবাদের সেই নৃশংস হামলা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। দুই বিচারকের আত্মত্যাগ আজও বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ দেশবাসীকে গভীরভাবে শোকাহত করে। তাঁদের স্মৃতি ও দেশের বিচারব্যবস্থার প্রতি অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

সম্পর্কিত খবর