ড্যাফোডিলের বিশ্বমানের প্রযুক্তি ও ইলেকট্রনিক্স উৎপাদন সক্ষমতা প্রদর্শন

স্টাফ রিপোর্টার : রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬ ঢাকা’। আন্তর্জাতিক এ প্রদর্শনীতে বাংলাদেশের যাচাইকৃত সফটওয়্যার রপ্তানি এবং আধুনিক ইলেকট্রনিক্স উৎপাদন সক্ষমতা তুলে ধরছে ড্যাফোডিল।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীর দ্বিতীয় আসরে ড্যাফোডিল গ্লোবাল ইনোভেশন এক্সচেঞ্জ (ডিজিআইএক্স) এবং ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি (ডিসিএল) তাদের প্রযুক্তিগত উদ্ভাবন ও উৎপাদন সক্ষমতা আন্তর্জাতিক ক্রেতা ও সোর্সিং প্রতিনিধিদের সামনে উপস্থাপন করছে।

১৫ নভেম্বর শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। এতে ১২টি রপ্তানি খাতের ১৬১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও চীনসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক ক্রেতা ও সোর্সিং প্রতিনিধিদল এতে অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।

বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুব, এমপি এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। উদ্বোধনের পর প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা ড্যাফোডিলের প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এ সময় তাঁদের প্রতিষ্ঠানের প্রযুক্তিগত উদ্ভাবন, যাচাইকৃত সফটওয়্যার সেবা এবং স্থানীয় পর্যায়ে ইলেকট্রনিক্স উৎপাদন সক্ষমতা সম্পর্কে অবহিত করা হয়।

ড্যাফোডিল গ্লোবাল ইনোভেশন এক্সচেঞ্জ (ডিজিআইএক্স) ড্যাফোডিল গ্রুপের ১৯৯০ সাল থেকে আইসিটি ও শিক্ষা খাতে অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক মার্কেটপ্লেস। এর মাধ্যমে প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও জিসিসি অঞ্চলের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের প্রযুক্তিসেবার সঙ্গে যুক্ত করা হচ্ছে।

আন্তর্জাতিক সফটওয়্যার সোর্সিংয়ের ঝুঁকি কমাতে ডিজিআইএক্সের ‘ড্যাফোডিল ভেরিফায়েড’ প্রক্রিয়ায় গুণগত মান, সেবা সরবরাহের সক্ষমতা, নিরাপত্তা, গোপনীয়তা, আইনি মালিকানা ও ধারাবাহিকতার ভিত্তিতে ১০০ নম্বরের যাচাই শেষে পণ্য ও সেবা তালিকাভুক্ত করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত শর্টলিস্টিং এবং অভিজ্ঞ পরামর্শকদের সরাসরি যাচাইয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি এন্টারপ্রাইজ সফটওয়্যার, এআই অটোমেশন, এজেন্টিক ওয়ার্কফ্লো ও পেশাদার আইটি সেবা আন্তর্জাতিক বাজারে উপস্থাপন করছে।

অন্যদিকে, ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি (ডিসিএল) গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক সিটিতে অবস্থিত আধুনিক কারখানার মাধ্যমে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের সক্ষমতা তুলে ধরছে। প্রোটোটাইপ ও পাইলট উৎপাদন থেকে শুরু করে বৃহৎ পরিসরে উৎপাদনের সক্ষমতাসম্পন্ন এ কারখানার প্রতিটি ফ্লোরের আয়তন ২০ হাজার বর্গফুট। কারখানাটিতে এসএমটি, পিসিবিএ, ইএমএস, ওইএম ও ওডিএম উৎপাদনের পাশাপাশি পিসিবি ইঞ্জিনিয়ারিং ও ডিএফএম, কম্পোনেন্ট সোর্সিং, এসকেডি/সিকেডি অ্যাসেম্বলি এবং পণ্য পরীক্ষার সুবিধা রয়েছে। প্যানাসনিক এনপিএম-ডব্লিউ২ হাই-প্রিসিশন পিক অ্যান্ড প্লেস মেশিন, নাইট্রোজেন-অ্যাসিস্টেড রিফ্লো সোল্ডারিং এবং উন্নত এক্স-রে পিসিবি পরিদর্শন প্রযুক্তিসম্পন্ন এ কারখানার মাধ্যমে কম্পিউটিং ও আইসিটি, পাওয়ার ইলেকট্রনিক্স, লাইটিং, অটোমোটিভ, নিরাপত্তা ও নজরদারি এবং কনজিউমার ইলেকট্রনিক্স খাতের দেশি-বিদেশি ব্র্যান্ডকে সেবা দেওয়া হচ্ছে। প্রদর্শনীর প্রথম দিনের কার্যক্রমের মধ্য দিয়ে ড্যাফোডিলের প্রযুক্তিসেবা ও ইলেকট্রনিক্স উৎপাদন সক্ষমতা আন্তর্জাতিক ব্যবসায়িক পরিমণ্ডলে তুলে ধরার পাশাপাশি সম্ভাব্য ক্রেতা ও সোর্সিং পার্টনারদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।

প্রদর্শনীর ১৬ ও ১৭ নভেম্বর প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ড্যাফোডিল প্যাভিলিয়নে ব্যবসায়িক আলোচনা (বি-টু-বি) ও প্রযুক্তি প্রদর্শনী অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর