চাঁদপুরে ৩,৯২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ৫ টনি ট্রাক ও ১৩ টন রডসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ওয়ারলেছ বাজার মোড়ে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীরের সার্বিক তত্ত্বাবধানে এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিঃ) আবুল কালাম গাজী, এএসআই নয়ন মিয়া ও এএসআই কামরুল ইসলামসহ থানার একটি চৌকস দল অংশ নেয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ভোলা জেলার দৌলতখান থানার চরসফি গ্রামের মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে মোঃ জামাল হোসেন (৪২) এবং একই উপজেলার দলিঘাট গ্রামের বজলুর রহমানের ছেলে মোঃ নিজাম উদ্দিন (৩০)। তারা বর্তমানে চট্টগ্রামের সদরঘাট থানা এলাকার পৃথক স্থানে বসবাস করতেন।

পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত হলুদ রঙের একটি ৫ টনি ট্রাক জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা। এছাড়া ট্রাকের ভেতরে থাকা ১৩ টন রডও জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ)/২৬/৩৮/৪১ ধারায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ০৫, তারিখ ১ নভেম্বর ২০২৬। জিআর নম্বর ১৪৫৩।

মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত খবর