নাগরিক কমিটি (সনাক) চাঁদপুর-এর আয়োজনে গণশুনানী

সংবাদ বিজ্ঞপ্তি: ‘ভূমিখাতে চাই স্বচ্ছতা, জবাবদিহিতা, সেবার সহজীকরণ ও জনভোগান্তি হ্রাস’ এই শ্লোগান নিয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর-এর আয়োজনে এবং সদর উপজেলা ভূমি অফিস ও লক্ষ্মীপুর ইউনিয়ন ভূমি অফিসের সার্বিক সহযোগিতায় ভূমি অফিসের সেবা সম্পর্কিত তথ্য জনসাধারণকে জানানো ও ভূমি অফিসের সেবায় সুশাসন বৃদ্ধির লক্ষ্যে গতকাল লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে গণশুনানী অনুষ্ঠিত হয়।

সনাক সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম উপস্থিত সনসাধারণকে ধন্যবাদ জানান, গণশুনানিতে অংশ নিয়ে প্রশ্ন করার জন্য। তিনি বলেন, আমরা চেষ্টা করছি জনসাধারণের ভূমি বিষয়ক সকল সমস্যা সমাধান করার। এজন্য আপনারা আপনাদের সমস্যাগুলো আমাদেরকে জানাবেন। তিনি বলেন, ভূমি সেবা নিতে গিয়ে আপনারা প্রকৃত তথ্য জেনে কাজ করবেন। প্রয়োজনে অফিসের বিভিন্নজনের কাছে তথ্য যাচাই করবেন। অফিসের কেউ কোন অসততা দেখালে আমাকে জানাবেন।

তিনি জনসাধারণের কাছ থেকে উত্থাপিত লিখিত ও মৌখিক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, ভূমি সংক্রান্ত বা ভূমি আইন নিয়ে সাধারণ জনগণের তেমন কোন ধরাণা নেই। তবে ভূমি আইন ও ভূমি সংক্রান্ত বিষয়ে জনসাধারণের ধারণা থাকা দরকার। ভূমি নিয়ে আপনাদের অজ্ঞতার কারণেই আপনাদেরকে অনেক বেশি হয়রাণী হতে হয়। তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যক্তি এলাকার সাধারণ মানুষদের জিম্মি করে হয়রাণী করে। আপনারা দালালের মাধ্যমে ভূমিসেবা নিতে গিয়ে প্রতারিত হবেন না। তিনি ভূমি অফিসের সেবা সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিত করেন।
সভাপতির বক্তব্যে সনাক সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারী বলেন, ভূমি বিষয়ে অজ্ঞতার কারণেই বিভিন্ন জটিলতায় পড়তে হয়। আমরা যদি সচেতন ও আন্তরিক হই তাহলে যেকোন সমস্যার সমাধান করা সম্ভব।

আমরা লক্ষ্য করছি সদর উপজেলায় ভূমিসেবা নিয়ে যারা কাজ করছেন তারা জনসাধারণের সেবা প্রদানে খুবই আন্তরিক। আর আন্তরিক বলেই আজ ভূমিখাতে সমস্যাগুলো নিয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। আজকের উত্থাপিত সুপারিশ ও সমস্যাগুলো ছাড়াও যদি কারো কোন সমস্যা থাকে আপনারা সদর উপজেলা ভূমি কর্মকর্তার সাথে সরাসরি দেখা করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ভুল, মিথ্যা ও হয়রাণীমূলক তথ্য নিয়ে যাবেন না। তিনি বলেন, আপনারা সামাজিকভাবে একে অপরের সাথে সুসম্পর্ক বজার রেখে চলবেন এবং ভূমি বিষয়ক সমস্যাগুলো পারস্পারিক সমঝোতার ভিত্তিতে সমাধান করবেন। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিস ও লক্ষীপুর ইউনিয়ন ভূমি অফিসের সেবা সম্পর্কিত প্রশ্নোত্তর পর্বটি সঞ্চালনা করেন সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাত।

মুক্ত আলোচনায় স্থানীয় নাগরিকবৃন্দ তাদের ভূমি বিষয়ক সমস্যাগুলো উপস্থাপন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি প্রভাষক জেসমিন আক্তার। ভূমিখাতে সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় পর্যায়ে সনাক-টিআইবি’র লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাত। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাকের ভূমি বিষয়ক উপ-কমিটির আহবায়ক মোঃ খোরশেদ আলম পাটওয়ারী। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এসিজি সমন্বয়ক সাইফূল ইসলাম আকাশ।

উপস্থিত ছিলেন সনাক সদস্য হাবিবুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা তাছলিমা আক্তার, এসিজি (ভূমি)’র সহ-সমন্বয়ক খোদেজা আক্তার, গ্রুপের সদস্যবৃন্দ এবং ইয়েস গ্রুপের সদস্যবৃন্দসহ ইউনিয়নের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও উপজেলা ভূমি অফিসের সেবা সম্পর্কিত বিষয়ে সুশাসন বৃদ্ধির লক্ষ্যে লক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে মাইকিং-এর মাধ্যমে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

সম্পর্কিত খবর