
চাঁদপুর খবর রিপোর্ট: চাঁদপুরে ইয়াবাসহ এক যুবককে আটক করে গতকাল পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
আটক যুবকের মোবাইল ফোনে সাতটি ফেক আইডি পাওয়ার দাবি করেছেন দলটির নেতৃবৃন্দ। এসব আইডি ব্যবহার করে বিএনপির নামে অপপ্রচার চালানোর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে সুমন গাজী নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তিনি ওই এলাকার সিরাজ গাজীর ছেলে।
স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে বিএনপির নামে অপপ্রচার ও গুজব ছড়িয়ে আসছিলেন সুমন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
নেতৃবৃন্দের দাবি, আটকের পর তাঁর দেহ তল্লাশি করে সাত পিস ইয়াবা পাওয়া যায়। একই সময়ে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে সাতটি ফেক আইডির সন্ধান মেলে বলে জানান তাঁরা।
পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করে আটক যুবককে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ফেক আইডিগুলোর পেছনে কারা জড়িত এবং কে বা কারা নির্দেশনা দিচ্ছেন, তা তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
অভিযোগগুলোর সত্যতা যাচাই, উদ্ধার করা ইয়াবা ও ফেক আইডি নিয়ে তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি এখন পুলিশের তদন্তের ওপর নির্ভর করছে।



