
স্টাফ রিপোর্টার : ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ প্রকল্পের সারা দেশের ১৩ জন ফিল্ড সুপারভাইজারের নিয়োগ বাতিল করা হয়েছে। এ তালিকায় রয়েছেন চাঁদপুরে কর্মরত একজন এবং চাঁদপুরের সাবেক কর্মস্থলের আরও একজন কর্মকর্তা।
তাঁরা হলেন—চাঁদপুরে কর্মরত ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ বিলাল হোসেন এবং চাঁদপুরের সাবেক ফিল্ড সুপারভাইজার ও বর্তমানে শরীয়তপুরে কর্মরত মোহা. সফিউল্ল্যাহ। গত সোমবার (১৬ নভেম্বর ২০২৬) ইসলামিক ফাউন্ডেশনের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
প্রকল্পের নিয়োগ ও বাছাই কমিটি-১-এর সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই দিন অপরাহ্ণ থেকে তাঁদের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। অফিস আদেশ সূত্রে জানা যায়, তালিকার ২ নম্বর ক্রমিকে থাকা মোহাম্মদ বিলাল হোসেনের পিতার নাম আব্দুল আজিজ। তাঁর নিজ জেলা নারায়ণগঞ্জ। তিনি ফিল্ড সুপারভাইজার হিসেবে চাঁদপুরে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে, তালিকার ৯ নম্বর ক্রমিকে থাকা মোহা. সফিউল্ল্যাহর পিতার নাম মোহা. আবুল বাশার। তাঁর নিজ জেলা কুমিল্লা।
তিনি ফিল্ড সুপারভাইজার হিসেবে শরীয়তপুরে কর্মরত ছিলেন। এর আগে তিনি চাঁদপুরে দায়িত্ব পালন করেছেন। অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত নথি, চাকরির রেকর্ড, আর্থিক বিষয়াদি, নিয়ন্ত্রণকারী কর্মকর্তার গোপনীয় প্রতিবেদন এবং আচরণবিধিসহ সার্বিক বিষয় পর্যালোচনা করা হয়েছে। এসব বিষয়ে নিয়োগ ও বাছাই কমিটির কাছে সন্তোষজনক বিবেচিত না হওয়ায় তাঁদের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।



