
স্টাফ রিপোর্টার : আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। চাঁদপুর জেলার ৮টি উপজেলায় ২২টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেবে ১৩ হাজার ২৫৫ জন শিক্ষার্থী।
চার দিনব্যাপী এ পরীক্ষা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চাঁদপুরের ৮টি উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা ও কেন্দ্রের বিবরণ হলো—চাঁদপুর সদর উপজেলায় ২ হাজার ৩৩৭ জন পরীক্ষার্থীর জন্য ৪টি কেন্দ্র, কচুয়ায় ২ হাজার ১২৮ জনের জন্য ৩টি কেন্দ্র, হাজীগঞ্জে ১ হাজার ৬৫৮ জনের জন্য ৩টি কেন্দ্র, হাইমচরে ৬৮৩ জনের জন্য ১টি কেন্দ্র,
শাহরাস্তিতে ১ হাজার ৪১৫ জনের জন্য ২টি কেন্দ্র, ফরিদগঞ্জে ২ হাজার ৩০ জনের জন্য ৪টি কেন্দ্র, মতলব দক্ষিণে ১ হাজার ৮৬ জনের জন্য ২টি কেন্দ্র এবং মতলব উত্তরে ১ হাজার ৯১৮ জনের জন্য ৩টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, চাঁদপুর সদর উপজেলার পর ফরিদগঞ্জ উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। অন্যদিকে, সবচেয়ে কম পরীক্ষার্থী রয়েছে হাইমচর উপজেলায়।
চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোছাদ্দেক হোসেন জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



