চাঁদপুরে ৯ সেতু একনেকে অনুমোদন

মহসিন হোসাইন : চাঁদপুরের সড়ক যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা নিয়ে জেলার বিভিন্ন উপজেলায় ৯টি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

এর মধ্যে চাঁদপুর সদর ও মতলব উত্তর উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন, চরমেয়াশা গ্রামের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ নিরসন এবং চাঁদপুর শহরের যানজট কমাতে প্রায় ৩৩০ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ করা হবে।

বিশেষ করে ধনাগোদা নদীর ওপর ৮০০ মিটার দীর্ঘ সেতুটি নির্মিত হলে রাজধানী ঢাকার সঙ্গে চাঁদপুরের সড়কপথের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার কমে আসবে। গত বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ প্রকল্পের আওতায় চাঁদপুরের ৯টি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়। চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ অনুমোদনের বিষয়টি শেয়ার করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। চাঁদপুর সদর ও হাইমচরবাসীর পক্ষ থেকে তিনি এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৩৩০ কোটি টাকা ব্যয়ে তিন গুরুত্বপূর্ণ সেতু : অনুমোদিত প্রকল্পের আওতায় চাঁদপুর সদর উপজেলায় তিনটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চাঁদপুর সদর-মতলব উত্তর সংযোগ সেতু, চরমেয়াশা সংযোগ সেতু এবং চাঁদপুর শহরের প্রস্তাবিত বাইপাস সড়কের ডাকাতিয়া খালের ওপর সেতু।

প্রকল্প অনুযায়ী, প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর-মনোহরখাদী সড়কে ধনাগোদা নদীর ওপর নির্মাণ করা হবে ৮০০ মিটার দীর্ঘ চাঁদপুর সদর-মতলব উত্তর সংযোগ সেতু। এটি বাস্তবায়িত হলে চাঁদপুর সদর ও মতলব উত্তর উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। একই সঙ্গে চাঁদপুর থেকে সড়কপথে রাজধানী ঢাকায় যাতায়াতের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার কমে আসবে।

এতে যাত্রীদের সময় ও যাতায়াত ব্যয় সাশ্রয় হবে। এ ছাড়া প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে চাঁদপুর সদর উপজেলার ইসলামপুর-গাছতলা সড়কে ডাকাতিয়া নদীর ওপর নির্মিত হবে ২০০ মিটার দীর্ঘ চরমেয়াশা সংযোগ সেতু। সেতুটি নির্মিত হলে বাগাদী ইউনিয়নের জনবিচ্ছিন্ন চরমেয়াশা গ্রামের সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এর ফলে দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ থেকে মুক্তি পাবেন ওই এলাকার বাসিন্দারা। সহজ হবে শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন প্রয়োজনে যাতায়াত।

অন্যদিকে, চাঁদপুর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কালীবাড়ি থেকে তালতলা পর্যন্ত প্রস্তাবিত বাইপাস সড়কের ডাকাতিয়া খালের ওপর নির্মাণ করা হবে ১০০ মিটার দীর্ঘ আরেকটি সেতু। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০ কোটি টাকা। সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, এ বাইপাস সড়কের প্রায় দুই কিলোমিটার অংশের কাজ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। সেতুটি নির্মিত হলে শহরের অভ্যন্তরীণ যানজট কমানোর পাশাপাশি যানবাহন চলাচলে নতুন সুযোগ সৃষ্টি হবে।

অন্যান্য উপজেলায় আরও ছয়টি সেতু : চাঁদপুর সদর উপজেলার বাইরে জেলার আরও ছয়টি উপজেলায় ছয়টি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।
শাহরাস্তি উপজেলার খিলা বাজার জিসি-চিতোষী বাজার জিসি সড়কে ডাকাতিয়া নদীর ওপর ১৩০ মিটার দীর্ঘ আরসিসি সেতু নির্মাণ করা হবে। হাজীগঞ্জ উপজেলার পালিশারা বাজার-সোনাপুর সড়কে ডাকাতিয়া শাখা নদীর ওপর নির্মিত হবে ৫০ মিটার দীর্ঘ সেতু। মতলব উত্তর উপজেলার উত্তর টরকী-শিবপুর খেয়াঘাট ভায়া তাতুয়া মিজিবাড়ী সড়কে ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।

মতলব দক্ষিণ উপজেলার কলাদী-দক্ষিণ বাইশপুর সড়কে জবজমিয়া খালের ওপর নির্মিত হবে ৫০ মিটার দীর্ঘ সেতু। ফরিদগঞ্জ উপজেলার রূপসাগঞ্জ-জয়গঞ্জ সড়কে ডাকাতিয়া নদীর ওপর নির্মাণ করা হবে ১৬০ মিটার দীর্ঘ সেতু। এটি ১০ নম্বর গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ও ফরিদগঞ্জ পৌরসভার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে, কচুয়া উপজেলার সাচার ইউপি-রাগদৈল বাজার সড়কে পালাখাল খালের ওপর নির্মিত হবে ৪৬ মিটার দীর্ঘ সেতু।

বদলে যাবে যোগাযোগ ও অর্থনীতির চিত্র : সংশ্লিষ্টদের মতে, অনুমোদিত সেতুগুলো বাস্তবায়িত হলে চাঁদপুরের প্রত্যন্ত ও বিচ্ছিন্ন জনপদের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সংকট অনেকটাই দূর হবে।

বিশেষ করে চরাঞ্চলের মানুষের জেলা সদরে যাতায়াত, শিক্ষার্থী ও রোগীদের চলাচল এবং কৃষিপণ্য পরিবহন সহজ হবে। একই সঙ্গে চাঁদপুর সদর-মতলব উত্তর সংযোগ সেতুর মাধ্যমে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হবে। অন্যদিকে, শহরের বাইপাস সড়ক ও সেতু নির্মিত হলে অভ্যন্তরীণ যানজট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে। এসব অবকাঠামোকে ঘিরে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা ও চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

পাশাপাশি কর্মসংস্থান ও জেলার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। চাঁদপুরের যোগাযোগব্যবস্থার দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নয়নে একনেকে ৯টি সেতুর অনুমোদনকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন জেলার জনপ্রতিনিধি ও সচেতন মহল। এখন এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এসব সম্ভাবনা বাস্তবে রূপ নেবে।

সম্পর্কিত খবর