চাঁদপুরে বাসার ভেতর রক্তাক্ত অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধার : হত্যার অভিযোগ

মহসিন হোসাইন : চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সাততলা ভবনের একটি ফ্ল্যাট থেকে লুৎফর নাহার (৬৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাতে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহত লুৎফর নাহার চাঁদপুরের ঢালিরঘাট এলাকার নাজির খান বাড়ির বাসিন্দা। তাঁর এক ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে। মাত্র ১৮ দিন আগে তিনি জোড়পুকুর পাড়ের নাজিরা কমপ্লেক্সে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে তিনি কখনো নিজ বাড়িতে, আবার কখনো মেয়েদের সঙ্গে থাকতেন।

তাঁর ছেলে বর্তমানে জাপানে রয়েছেন। ২০২৭ সালে দেশে ফিরে বিয়ে করে সংসার শুরু করার পরিকল্পনা থাকায় ছেলের পরামর্শে তিনি নতুন বাসা ভাড়া নিয়ে সেখানে ওঠেন। পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা লুৎফর নাহারের গলায় ওড়না পেঁচিয়ে জানালার সঙ্গে বেঁধে এবং মাথায় আঘাত করে তাঁকে হত্যা করেছে। পরে বাসার বিছানায় তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

মেয়েসহ পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন খবর পেয়ে বাসায় গিয়ে তাঁর নিথর দেহ দেখতে পান। এ সময় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। তাঁরা জানান, মাত্র ১৮ দিন আগে নতুন বাসায় উঠেছিলেন তিনি। একজন বয়স্ক নারীকে এভাবে হত্যার পেছনে কারা জড়িত, তা দ্রুত উদ্‌ঘাটনের দাবি জানান তাঁরা। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, সাততলা ভবনটিতে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। এত বড় একটি ভবনে নিরাপত্তাব্যবস্থা না থাকায় তাঁরা উদ্বেগ প্রকাশ করেন। নিহতের পরিবারের সদস্যরা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।

পুলিশের বক্তব্য অনুযায়ী, বাসার কেয়ারটেকার উপরে উঠে বৃদ্ধার মরদেহ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদের নেতৃত্বে এবং থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন।

পরে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর ও সহকারী পুলিশ সুপার খায়রুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে বৃদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

সম্পর্কিত খবর