চাঁদপুরে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ : আটক-১

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে অবৈধ অটোরিকশা আটক করাকে কেন্দ্র করে রশিদ মোল্লা (৫০) নামে এক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে গাড়ির মালিকের বিরুদ্ধে। চার দিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই চালক।

এ ঘটনায় অভিযুক্ত গাড়ির মালিকের শ্বশুরকে আটক করেছে পুলিশ। নিহত রশিদ মোল্লা শরীয়তপুর জেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি চাঁদপুর শহরের ১১ নম্বর ওয়ার্ডের গুনরাজদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। জীবিকার তাগিদে অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন তিনি। অভিযোগ রয়েছে, ভোলা জেলার সিদ্দিক নামে এক ব্যক্তির কাছ থেকে নম্বরবিহীন অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন রশিদ। গত ১০ ও ১৪ নভেম্বর ট্রাফিক পুলিশ তাঁর চালানো দুটি অটোরিকশা আটক করে।

এ খবর গাড়ির মালিক সিদ্দিককে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে রশিদকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের অভিযোগ, মারধরের পর স্বজনদের না জানিয়েই রশিদকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন সিদ্দিক।

সেখানে মারধরের ঘটনাকে দুর্ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়। নিহতের স্বজনেরা জানান, রশিদের মৃত্যুর ঘটনায় তাঁরা গভীরভাবে শোকাহত। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত সিদ্দিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তাঁরা। স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী ময়না।

অন্যদিকে স্থানীয়দের দাবি, চাঁদপুর শহরের ট্রাক রোডের সাবান ফ্যাক্টরির সামনে একটি গ্যারেজে নম্বরবিহীন অটোরিকশা রেখে ভাড়া দিতেন সিদ্দিক। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত সিদ্দিকের শ্বশুরকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত সিদ্দিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অটোরিকশা আটককে কেন্দ্র করে চালককে মারধর ও তাঁর মৃত্যুর অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর