
স্টাফ রিপোর্টার : পতিত ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, আগুন-সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম।
বক্তব্যে তিনি বলেন, আজকের বাংলাদেশ একটি যুগসন্ধিক্ষণ পার করছে। বিএনপির ৪৮ বছরের ইতিহাসে দল কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি। মরহুম বেগম খালেদা জিয়া বছরের পর বছর জেল খেটেছেন, তবুও দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি আরও বলেন, ‘গোপালগঞ্জ আর গোপাল থাকবে না’—এ কথা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন। আজ উপযুক্ত সময় এসেছে গোপালগঞ্জের নাম পরিবর্তনের। আমাদের নেতা তারেক রহমান পুঁচকে-ফুসকেকে ভয় পান না। বিএনপি মাটি ও মানুষের দল।
তিনি বলেন, বিএনপির ইতিহাসে কখনো নিষিদ্ধ হওয়ার ঘটনা ঘটেনি। চাঁদপুরের পাঁচটি আসনের সংসদ সদস্যদের নেতৃত্বে চাঁদপুর জেলা এগিয়ে যাবে। জেলার পাঁচজন বলিষ্ঠ নেতৃত্বে চাঁদপুর হবে আওয়ামী লীগমুক্ত। চাঁদপুর একটি শান্তির শহর। আওয়ামী লীগের নেত্রী আর দেশে আসবেন না। আপনারা রাস্তায় নামবেন না। কারণ, রাজপথে জনগণ রয়েছে, তারা আপনাদের প্রতিহত করবে।
তিনি আরও বলেন, আমরা জ্বালাও-পোড়াওয়ে বিশ্বাসী নই। তবে কেউ জ্বালাও-পোড়াও ও ভাঙচুর করলে তাদের ছাড় দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সব সময় মাঠে থাকবে। জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল ও খলিলুর রহমান গাজী,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ এবং সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, সহ-সভাপতি ডি. এম. শাহজাহান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ,
সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার,
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, বর্তমান কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ জেলা, সদর, পৌর, ১৪টি ইউনিয়ন এবং পৌরসভার ১৫টি ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা।



