
চাঁদপুর খবর রিপোর্ট : নতুন খেলোয়াড় সংগ্রহ ও দল গঠনের লক্ষ্যে জাফরানি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পরিচালিত নিবন্ধন কার্যক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বতঃস্ফূর্ত সহযোগিতা পাওয়া গেছে।
এ উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) ক্লাবের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে বিতরণ করা খেলোয়াড় নিবন্ধন ফরম আনুষ্ঠানিকভাবে সংগ্রহ করেন।
ফরম হস্তান্তরকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও শাহাতলী পাল্টিপাড়া উচ্চ বিদ্যালয়।
এ সময় উপস্থিত ছিলেন জাফরানি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, যুগ্ম সম্পাদক ফখরুল আমিন সুমন, ক্রীড়া সম্পাদক হান্নান ও সহ-ক্রীড়া সম্পাদক ফুয়াদ। শাহাতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষকসহ অন্যান্য শিক্ষক এবং শাহাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, অভিভাবক ও শিক্ষকরা ক্লাব কর্তৃপক্ষের হাতে নিবন্ধন ফরমগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
এ সময় ক্লাব ও ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে ক্লাবের ভবিষ্যৎ ভিশন, মিশন ও লক্ষ্য বাস্তবায়নে উপস্থিত ব্যক্তিরা তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। বক্তারা নতুন খেলোয়াড় অন্বেষণ, প্রতিভাবান তরুণদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করা এবং একটি সুসংগঠিত ক্রীড়া পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন।
জাফরানি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।



