চাঁদপুর ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার : পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর শহরের মধ্য ইচলী এলাকায় ডাকাতিয়া নদী থেকে সিরাজুল ইসলাম গাজী (৭২) নামে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে চাঁদপুর নৌ থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন।

এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল। এ ঘটনায় নিহতের আপন বড় ভাই সাইদুল হক গাজীকে আটক করে পুলিশ।

নিহত সিরাজুল ইসলাম গাজী চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের বাগাদী গ্রামের আলী গাজী বাড়ীর মৃত আশ্রাফ আলী গাজীর ছেলে। তিনি ১ ছেলে ৪ কন্যা সন্তানের জনক।

জানাযায়, গত বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকাল ৯ টায় টাকা দেওয়ার কথা বলে বড় ভাই সাইদুল হক ফোন করে ছোট ভাই সিরাজুল ইসলাম গাজীকে খবর দিয়ে নিয়ে আসে। তারপর থেকে সে নিখোঁজ হলে তার পরিবার চাঁদপুর মডেল থানা একটি নিখোঁজ ডায়েরী দায়ের করেন।

পরে গতকাল বুধবার (১৫ জানুয়ারী) দুপুরে মধ্য ইচুলি নদীর পাড়ে পানিতে ভেসে থাকা অবস্থায় স্থানীয় এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশ সিরাজুল ইসলামকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নৌ থানায় নিয়ে আসে। অবশেষে তার পরিচয় জানতে পেরে পরিবারকে খবর দিলে তারা লাশ শনাক্ত করে।

নিহতের স্ত্রী সৈয়দা খোদেজা বেগম ও মেয়ে সুমাইয়া আক্তার জানায়, গ্রামের বাড়ির বিশ শতাংশ সম্পত্তি জোরপূর্বক সাইদুল হক গাজী লিখে নেয়। বৃহস্পতিবার সকাল ৯ টায় সাইদুল হক ফোন করে তার ছোট ভাই সিরাজকে ওয়ারলেস বাজার যাওয়ার জন্য বলে।

তারা পরিকল্পিতভাবে সিরাজুল ইসলাম গাজীকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মেরে পানিতে ফেলে দেয়। এই ঘটনার সাথে বড় ভাই সাইদুল হক গাজী ও তার তিন ছেলে শাহাদাত হোসেন, কামাল, জাহিদ জড়িত রয়েছে। এই ঘটনায় ছেলেদের দ্রুত আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান নিহতের পরিবাররা।

স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেন গাজী বলেন, সিরাজুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েকবছর আগে দেশে চলে এসেছেন এবং বাড়িতেই থাকতেন। গত এক সপ্তাহ পূর্বে তিনি বাড়ী থেকে শহরে আসার সময় ওয়ারলেছ এলাকা থেকে নিখোঁজ হন। এই বিষয়ে পরিবার থেকে পত্রিকায় সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। জানতে পারলাম আজ তার মরদেহ নদী থেকে পুলিশ উদ্ধার করেছে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ হয়েছে। তারা থানায় এসেছেন। ময়না তদন্ত এবং আইনী ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরো বলেন, নিহত সিরাজুল ইসলামের ঘাড়ে ও দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নদীতে ফেলে দিয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা এই ঘটনায় তার পরিবার বাদী হয়ে মামলা দায়ের করবে এর সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে।

সম্পর্কিত খবর