
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ফরিদগঞ্জ উপজেলায় বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলার চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন চাঁদপুর জেলা সমবায় কর্মকর্তা মো. শাহাব উদ্দিন। অতিথি বক্তা হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ বিজয়ী মো. জসিম উদ্দিন শেখ।
দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সমবায় কার্যক্রম সম্পর্কে সদস্যদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমবায় সমিতির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।



