‘গুণী শিক্ষক হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণ করলেন আমিনুল ইসলাম

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক (গণিত) মোঃ আমিনুল ইসলাম ২০২৬ সালের ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হয়ে সরকারি সম্মাননা পেয়েছেন।

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষকদের অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন পর্যায়ের ১০২ জন গুণী শিক্ষককে এ সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত শিক্ষকদের সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি, তাদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং পেশাগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিক পর্যায়ে ২০ জন, কলেজ পর্যায়ে ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০ জন, চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩ জন এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৪ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্বাচিত ৭ জন শিক্ষকও এ সম্মাননা লাভ করেন।

সম্মাননার অংশ হিসেবে প্রত্যেক গুণী শিক্ষককে দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়েছে। দীর্ঘ শিক্ষকতা জীবনে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে মোঃ আমিনুল ইসলাম এ মর্যাদাপূর্ণ সম্মানের জন্য নির্বাচিত হয়েছেন। গুণী শিক্ষক সম্মাননা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া শ্রদ্ধা ও অভিনন্দন বার্তায় বলা হয়, জীবনের শুরুতেই পরিবারের পর শিক্ষক-শিক্ষিকারাই কিশোর-কিশোরী শিক্ষার্থীদের সামনে আদর্শ রোল মডেল হিসেবে ভূমিকা পালন করেন।

একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদান করেন না; তিনি শিক্ষার্থীদের জ্ঞানচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করেন, তাদের চিন্তার জগৎকে প্রসারিত করেন এবং নৈতিক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন। বার্তায় মোঃ আমিনুল ইসলামের মেধা, পেশাগত নিষ্ঠা, শিক্ষার্থীদের প্রতি গভীর মমত্ববোধ এবং শিক্ষা বিস্তারে অবদানের প্রশংসা করা হয়। তার কর্ম ও আদর্শ অসংখ্য শিক্ষার্থীর জীবনকে আলোকিত করেছে এবং শিক্ষা ক্ষেত্রে একটি অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও উল্লেখ করা হয়।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সম্মাননা মোঃ আমিনুল ইসলামের দীর্ঘদিনের সাধনা ও অবদানের যথার্থ মূল্যায়ন হিসেবে কাজ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আরও নিবেদিতভাবে গড়ে তোলার ক্ষেত্রে তাকে অনুপ্রাণিত করবে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন। একই সঙ্গে তার জ্ঞান, অভিজ্ঞতা ও আদর্শের আলোয় আরও বহু শিক্ষার্থীর জীবন আলোকিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। মোঃ আমিনুল ইসলামের এ অর্জনে চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।

সম্পর্কিত খবর