চাঁদপুরে স্মার্ট ট্রান্সপোর্ট সিস্টেম বিষয়ক উপস্থাপনা ও মতবিনিময়

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও যাত্রীবান্ধব করতে স্মার্ট ট্রান্সপোর্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

এ লক্ষ্যে স্মার্ট ট্রান্সপোর্ট সিস্টেম বিষয়ক উপস্থাপনা ও মতবিনিময় সভা মঙ্গলবার (৪ আগস্ট ) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও সেবামুখী করে তুলতে হবে।

এতে যাত্রীসেবা যেমন সহজ হবে, তেমনি পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলাও প্রতিষ্ঠিত হবে। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্মার্ট ট্রান্সপোর্ট এস্টাবলিশমেন্ট কমিটির সভাপতি উজালা রানী চাকমা, কমিটির সদস্য সাজিদ হক ও তানভির রাব্বি, সদস্য সচিব নাঈমা আফরোজ, বিআরটিএর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন এবং চাঁদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু। সভায় স্মার্ট ট্রান্সপোর্ট সিস্টেমের ওপর একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়।

এতে জানানো হয়, প্রতিটি বাসে জিপিএস ট্র্যাকার স্থাপন এবং যাত্রী ছাউনিতে ডিজিটাল ডিসপ্লে বসানোর মাধ্যমে বাসের বর্তমান অবস্থান, পরবর্তী স্টপেজ এবং সম্ভাব্য পৌঁছানোর সময় (ইটিএ) রিয়েল-টাইমে জানা যাবে। উপস্থাপনায় আরও উল্লেখ করা হয়, এ উদ্যোগ বাস্তবায়িত হলে যাত্রীদের অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমবে, যাতায়াত হবে আরও সহজ ও নির্ভরযোগ্য, সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এবং গণপরিবহন সেবার মান উন্নত হবে।

সভায় প্রাথমিকভাবে চাঁদপুর-কুমিল্লা রুটে পরীক্ষামূলকভাবে স্মার্ট ট্রান্সপোর্ট সিস্টেম বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। সফল বাস্তবায়নের পর পর্যায়ক্রমে জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ রুটেও এ ব্যবস্থা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

সম্পর্কিত খবর