
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। অভিযোগ, প্রতিবেশী ওই কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে নির্যাতন করা হয়। ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর অভিযানে নামে পুলিশ।
ঘটনাটি চাঁদপুর সদর উপজেলার ১ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের। পুলিশ জানায়, গত ৮ জুলাই দুপুর আনুমানিক দেড়টার দিকে ১৫ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে প্রতিবেশী রাজ্জাক সিকদার নিজের বসতঘরে ডেকে নেন।
পরে তার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় অভিযুক্তের স্ত্রী ও দুই সন্তান শ্বশুরবাড়িতে বেড়াতে ছিলেন। সেই সুযোগে কিশোরীকে বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার এসআই কালাম গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বিষ্ণুপুর এলাকা থেকে অভিযুক্ত রাজ্জাক সিকদারকে আটক করে। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




