৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে সাহিত্য একাডেমির প্রশিক্ষণ কর্মশালা

চাঁদপুর খবর রিপোট: সাহিত্য একাডেমি চাঁদপুরের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার ( ১০ জুলাই) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে কবিতা, কথাসাহিত্য ও প্রবন্ধ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমি চাঁদপুরের সভাপতি আহমেদ জিয়াউর রহমান। কর্মশালায় দেশের বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক কথাসাহিত্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

তিনি সাহিত্যচর্চায় নিয়মিত পাঠাভ্যাস, পর্যবেক্ষণ এবং বাস্তব জীবনের অভিজ্ঞতাকে লেখার মূল শক্তি হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সৃজনশীল লেখালেখির নানা দিক নিয়ে আলোচনা করেন। কবিতা বিষয়ে প্রশিক্ষণ দেন চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী।

তিনি কবিতার ভাষা, ছন্দ, কাব্যরীতি এবং সমকালীন কবিতা চর্চার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও প্রবন্ধ রচনা ও সাহিত্যচর্চার মানোন্নয়ন বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ছিলেন সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশসহ সাহিত্য একাডেমির নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দ।

নতুন লেখকদের দক্ষতা বৃদ্ধি, সাহিত্যচর্চার মান উন্নয়ন এবং সৃজনশীল লেখালেখিতে উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নিবন্ধিত সাহিত্যপ্রেমী, তরুণ লেখক, কবি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সাহিত্য একাডেমির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর ১০ দিনব্যাপী কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল এ প্রশিক্ষণ কর্মশালা। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সাহিত্যচর্চা বিস্তারে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর