চাঁদপুরে ফার্মেসি ও মেডিকেল ইকুইপমেন্ট স্টোরে অভিযান : লক্ষ টাকা অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে ফার্মেসি ও মেডিকেল ইকুইপমেন্ট স্টোরগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

ধবার (৮ জুলাই ২০২৬) জেলা প্রশাসন, চাঁদপুরের একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, উপজেলার বিভিন্ন ফার্মেসি ও মেডিকেল ইকুইপমেন্ট স্টোরে আকস্মিক তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বাণিজ্যিক উদ্দেশ্যে সংরক্ষিত ফিজিশিয়ান স্যাম্পল (চিকিৎসকদের জন্য নির্ধারিত সৌজন্য নমুনা) জব্দ করা হয়।

এছাড়াও বেশ কিছু প্রতিষ্ঠানে বৈধ ড্রাগ লাইসেন্স এবং নিয়মতান্ত্রিক এন্টিবায়োটিক রেজিস্টার পাওয়া যায়নি। এসব অপরাধে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে ‘ওষুধ ও কসমেটিক্স আইন, ২০২৩’-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের অপব্যবহার রোধে জেলাজুড়ে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর