
চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কৃতি সন্তান শাহতলী নিবাসী বিশিষ্ট শিক্ষাবিদ বহু প্রতিষ্ঠানের রূপকার শাহ্তলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা এ টি আহমেদ হোসাইন রুশদীর ৫১তম মৃত্যুবার্ষিকী আগামী ২০ জুন শনিবার । তিনি ১৯৭৫ সালের এইদিনে ঢাকা হ্যালি ফ্যামেলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শিক্ষাবিদ মরহুম মাওলানা এ টি আহমেদ হোসাইন রুশদী’র ৫১তম মৃত্যুবার্ষিকী পালনকল্পে গত ১৪জুন (রবিবার) সকাল ১১টায় জিলানী চিশতী কলেজের সভাকক্ষে উদযাপন কমিটির সভাপতি এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভায় প্রতি বছরের ন্যায় এ বছরও দিনব্যাপী বিভিন্ন কর্সসূচী গ্রহন করা হয়েছে । কর্মসূচীর মধ্যে রয়েছে ২০ জুন সকালে শাহতলী জিলানী চিশতী কলেজ মসজিদে সকাল ৮টায় পবিত্র কোরআন তেলাওয়াত ,সকাল ৯টায় মরহুমের কবর জিয়ারত ,সবশেষে কলেজ মিলণায়তনে সকাল ১০টায় স্মরণসভা অনুষ্ঠিত হবে। সর্বশেষ দোয়া ও মিলাদের মাধ্যমে কর্মসূচী সমাপ্ত হবে৷
সভাপতির বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, প্রতি বছর প্রতিষ্ঠানে পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে। তারই ধারাবাহিকতায় এ বছরও মৃত্যুবার্ষিকী পালন করা হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।
এ সময় সভায় অংশ নেন , শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, জিলানী চিশতী উবির প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নুরুজ্জামান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজিসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বিশিষ্টজন, স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকবৃন্দ, সুধীজন ও শিক্ষার্থীগন উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন উদযাপন কমিটির সেক্রেটারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান।
জানা গেছে, মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী এজিবিতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে চাকরি করেছেন। শিক্ষা প্রসারে নিজের বহু অর্থ সম্পদ ও জমি দান করেছিলেন। গড়ে তোলেছেন শাহতলী এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান।
তিনি শাহতলী কামিল মাদরাসা, শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী দাখিল মাদ্রাসা, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর শাহতলী যোবাইদা সরকারি (বালিকা) প্রাথমিক বিদ্যালয়,হামানকর্দ্দিতে শাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাপানিয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেনাপুর আগরজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনগাঁও মাধ্যমিক বিদ্যালয়, লাকসাম উচ্চ বিদ্যালয়, ঢাকার দক্ষিণ মুহসেন্দী বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।
এছাড়াও শাহ্তলী অঞ্চলের বিভিন্ন উচ্চ বিদ্যালয়, মাদরাসা ও মসজিদসহ নানা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ব্যাপারে আন্তরিক সহযোগিতা করেন। তিনি চাঁদপুর জেলা ও বিভিন্ন স্থানের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পেছনে অবদান রেখেছেন।
তার নিজের এলাকায় মানুষদের নিরক্ষর মুক্ত রাখার জন্য তিনি এ মহৎ পদক্ষেপ গ্রহণ করেন। এসব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পেছনে তার ছিল অক্লান্ত, অফুরন্ত পরিশ্রম। পরিশ্রম এবং সততা মানুষকে সৌভাগ্য এবং সফল করতে পারে তাই তিনিও জাতীয়ভাবে স্বীকৃতি পেয়ে সফল হয়েছেন।শিক্ষা বিস্তারে অবদান রাখায় তৎকালীন সরকার তাকে গোল্ড মেডেল ও রুশদী উপাধিতে ভূষিত করেন।
উল্লেখ্য, মরহুম মাওলানা এ টি আহমেদ হোসাইন রুশদী চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর দাদা ।




