চাঁদপুরে প্লাস্টিকের বস্তায় চাল প্যাকেটজাত : দুই রাইস মিলে জরিমানা

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল প্যাকেটজাত করার অভিযোগে দুইটি রাইস মিলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুই মিলকে জরিমানাও করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও পাটজাত মোড়ক আইন বাস্তবায়নে এই পদক্ষেপ নেওয়া হয়।

চাঁদপুর শহরের বিভিন্ন রাইস মিলে মঙ্গলবার দুপুরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে খাজা বাবা অটো রাইস মিলকে ২০ হাজার টাকাও আজমিরী অটো রাইস মিলকে ১৫ হাজার টাকা সহমোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, পাটের বস্তার পরিবর্তে কম দামের প্লাস্টিকের বস্তায় চাল প্যাকেটজাত করা হচ্ছিল। পরে সংশ্লিষ্ট মিল কর্তৃপক্ষকে পাটের বস্তা ব্যবহারের নির্দেশনা দেয় ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা জানান, পাটজাত মোড়ক আইন সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় বিভিন্ন মিল ও কারখানায় প্লাস্টিকের বস্তার ব্যবহার বেড়েছে। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি দেশের পাটশিল্পও হুমকির মুখে পড়ছে। এ কারণেই অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অভিযানের সময় মিল মালিকদের প্রতিনিধিরাও তাদের অবস্থান তুলে ধরেন। তারা জানান, পাটের বস্তার দাম তুলনামূলক বেশি এবং সরবরাহও সীমিত। এ কারণে অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে প্লাস্টিকের বস্তা ব্যবহার করছেন।

এদিকে মিল মালিকদের প্রতিনিধিরা বলেন, প্রতিযোগিতামূলক বাজারে বেশি দামে পাটের বস্তা কিনে চাল বিক্রি করা কঠিন হয়ে পড়ছে। পাশাপাশি প্লাস্টিকের বস্তা উৎপাদনকারী কারখানাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে পাটের বস্তার ব্যবহার বাড়বে বলেও তারা মত দেন।

পরিবেশ সুরক্ষা ও পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

সম্পর্কিত খবর