
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের ইচলী ঘাটে সেলিম এন্ড ব্রাদার্স নামের ডকইয়ার্ডে নৌযানে রংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জুয়েল (২৫) নামে এক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে।
১১ মে ২০২৬ (সোমবার) সকাল ৯ টায় এই ঘটনা ঘটে। নিহত জুয়েল শহরের নতুন বাজার মধ্য ইচলী এলাকার কুদ্দুস বেপারীর ছেলে। তিনি বিবাহিত এবং ২ বছরের এক পুত্র সন্তানের জনক। এর আগেও গত বছর সেলিম এন্ড ব্রাদার্স নামের এই ডকইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্য এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ রয়েছে।
এলাকাবাসী জানায়, জুয়েল প্রতিদিনের ন্যায় সোমবার সকালে সেলিম এন্ড ব্রাদার্স ডকইয়ার্ডে রংয়ের কাজ করতে যান। পানিতে দাঁড়িয়ে রংয়ের কাজ করার সময় বৈদ্যুতিক ক্যাবলের লিকেজজনিত কারণে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরপর অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।
জুয়েলের মৃত্যুর খবরে স্বজনদের বুকফাটা কান্না আর আহাজারিতে হাসপাতাল এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, জুয়েল ওই ডকইয়ার্ডে রংয়ের কাজ করতেন। ডকইয়ার্ডের মালিকপক্ষের অবহেলার কারণেই তার করুণ মৃত্যু হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা ক্ষেত্রে তাদের আরো দায়িত্বশীল এবং সতর্ক থাকা উচিত।
চাঁদপুর জেনারেল হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো: নাজমুল হাসান জানান, কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। তবে হাসপাতালে আনার পূর্বেই জুয়েল নামের লোকটি মৃত্যুবরণ করেন।




