প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত চাঁদপুরবাসী : চূড়ান্ত কর্মসূচি প্রকাশ

আহম্মদ উল্যাহ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৬ মে ২০২৬ খ্রি. শনিবার চাঁদপুরে আগমণ করবেন। তাঁকে বরণ করতে প্রস্তুত চাঁদপুরবাসী।

প্রধানমন্ত্রীর এ সফর সফল করতে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ইতোমধ্যে বেশ কয়েকবার প্রস্তুতিমূলক সভা করেছেন।

তিনি জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা নিয়ে বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেছেন। এছাড়া প্রায় প্রতিদিনই জেলা শহরে চাঁদপুর-৩ আসনের এমপির বাসভবন মুনিরায় বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের দফায় দফায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমনের চূড়ান্ত কর্মসূচি প্রকাশিত হয়েছে।

গতকাল সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেনের স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়েছে। পত্র নং : ০৩.০০.২৬৯০,০০০.০০৫.৩৪.০০২.২৬-৪৪। চূড়ান্ত কর্মসূচি হলো : আগামী ১৬ মে ২০২৬খ্রি. শনিবার সকাল ৮টা ৩০মি. ঢাকাস্থ নিজ বাসভবন হতে সড়ক পথে চাঁদপুর জেলার উদ্দেশ্যে রওনা হবেন।

সকাল সাড়ে ১১টায় পথিমধ্যে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় যোগদান করবেন। এদিন বেলা ১২ টায় চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারস্থ খোদ্দ খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে যাত্রা করবেন।

পরে সাড়ে ১২টায় খোদ্দ খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলে উপস্থিতি ও খাল খননের শুভ উদ্বোধন করবেন। পরে দুপুর ১টা ১৫মি. চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে যাত্রা করবেন। ১টা ৪৫ মি.বিশ্ব খাল পুন:খনন অনুষ্ঠানস্থলে উপস্থিতি ও খাল খননের শুভ উদ্বোধন করবেন। এদিন দুপুর ২টা ৩০মি. চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিতি ও বিরতি করবেন।

পরে ৩টা ৩০ মি. চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। পরে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন। পরে সন্ধ্যা ৬টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। এটি একটি সরকারি সফর। এসময় সাথে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীগণ তাঁর সফরসঙ্গী হবেন।

এদিকে চাঁদপুরে প্রধানমন্ত্রীর দিনব্যাপী এ সফরকে সফল করতে চলছে নানা প্রস্তুতি। উৎসাহ দেখা দিয়েছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনে স্থানীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ।

সফর প্রসঙ্গে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্ল্যা সেলিম বলেন, প্রধানমন্ত্রীর কর্মসূচি সফর ও উৎসবমুখর করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, এ সফর সফল ও সার্থক হবে।
দলীয় সূত্রে জানা গেছে, এই সফরকে সফল করতে সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়া ব্যবস্থাপনাসহ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

মঞ্চ ও আধুনিক সাউন্ড সিস্টেম আনা হবে। মাঠের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা, মিডিয়া ব্যবস্থাপনা ও প্রচারণা কার্যক্রম ঘিরে দলীয় কার্যালয় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে একের পর এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী, দেশ নায়ক তারেক রহমানের চাঁদপুর জেলায় আগমন উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির জরুরী বিশেষ সভা গত রোববার (৩ মে) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও গত মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক ও কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে মাটিঁতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনের খবরে জেলা শহর ও গ্রামের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আবেগ সৃষ্টি হয়েছে।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক জানান, আমাদের প্রাণের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আসবে, সকলকে সুশৃঙ্খল ভাবে উপস্থিত হতে হবে। ২২ বছর পর প্রিয় নেতাকে নিজের শহরে দেখতে পাওয়া নেতাকর্মীদের কাছে এটি আবেগ, গর্ব ও সম্মানের বিষয়।

চাঁদপুর জেলা ঐতিহাসিকভাবে বিএনপির শক্ত ঘাঁটি। এই সফর বিএনপির রাজনৈতিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলের সাংগঠনিক শক্তি প্রদর্শন এবং কর্মীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে এই সফর একটি মাইলফলক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রসঙ্গত, এর আগে, ২০০৪ সালে তারেক রহমান বিএনপির নেতা হিসেবে চাঁদপুর সফরে আসছিলেন। তার ২২ বছর পর এই প্রথম প্রধানমন্ত্রী হিসাবে এখানে আসছেন।

সম্পর্কিত খবর