
স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশের এআইজি মরহুম আব্দুল বারী মিয়ার ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (৬ মে) বিকেলে দলীয় প্রভাব খাটিয়ে একটি সংঘবদ্ধ দল ওই জমিতে ভাঙচুর চালায়। ভুক্তভোগীদের দাবি মোঃ তোহিদ মোল্লা ও তার স্বজনদের নির্দেশে ৬০-৭০ জনের একটি দল এ হামলা চালায়।
জানা গেছে, ২০০৩ সালে দলিলের মাধ্যমে আব্দুল বারী মিয়া মান্দারী মৌজায় ২৪ শতাংশ জমি ক্রয় করেন এবং পরবর্তীতে তা তার নামে রেকর্ডভুক্ত হয়। মৃত্যুর পর তার ছেলে রিয়াজ আহম্মদ কনক ওয়ারিশ সূত্রে জমির মালিক হন এবং বর্তমানে ভোগদখলে রয়েছেন।
ভুক্তভোগী রিয়াজ আহম্মদ কনক অভিযোগ করে বলেন, অভিযুক্তরা তাকে হুমকি দিচ্ছে এবং জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা হলেও সমাধান হয়নি। বিষয়টি থানায় লিখিতভাবে জানানো হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
জমির বিবরণ অনুযায়ী, সাবেক ৫৮৭ দাগের বি.এস হাল ৮৯৬, সাবেক ৫৮৮ দাগের ৭৯৬, সাবেক ৬৩২ দাগের ৯১৩ এবং সাবেক ৬৩৪ দাগের ৯১৮ নং দাগের অন্তর্ভুক্ত মোট ২৪ শতাংশ জমি ক্রয় করা হয়। এর মধ্যে ৯১৮ নং দাগে উক্ত জমির মূল অংশ অবস্থিত, যা বর্তমানে বিরোধের কেন্দ্রবিন্দু।




