মতলবে ৩ তলা ভবনের ভেন্টিলেটার দিয়ে পালানোর সময় জানালার কার্নিশ থেকে শিক্ষার্থী উদ্ধার

মতলব প্রতিনিধি : চাঁদপুরের মতলবে টয়লেটের ভেন্টিলেটর দিয়ে দুই মাদ্রাসা শিক্ষার্থী পালিয়ে যাওয়ার সময় জানালার কার্নিশে আটকা পড়ে এক শিক্ষার্থী । খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের সদস্যরা ওই শিক্ষার্থীকে উদ্ধার করেন । এই ঘটনাটি ঘটেছে মতলব পৌরসভার ২ নং ওয়ার্ডের দগরপুর এলাকায়।

সরজমিনে দেখাযায় গত ৬ মে বুধবার বেলা ১টার সময় দগরপুর প্রধানিয়া ভিলার অবস্থিত মারকাযুত তাকওয়া আল ইসলামিয়া মাদ্রাসায় তৃতীয় তলার টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যাওয়ার সময় জানালার কার্নিশে আটকা পড়ে চাপাতিয়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে ওমর ফারুক (১০) নামে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী । এর আগে একই ভাবে দগরপুর পাঠান বাড়ির মামুন পাঠানের ছেলে আবু বক্কর (১০) নামে অপর শিক্ষার্থী পালিয়ে যেতে সক্ষম হয় ।

পালিয়ে দেওয়ার বিষয়ে আটকে পড়া মাদ্রাসা শিক্ষার্থী ওমর ফারুক এর কাছে জানতে চাইলে সে জানান মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে যাওয়ার জন্য এ কাজ করেছে ।

প্রত্যক্ষদর্শীরা ভবনের বাইরে জানালা ধরে কার্নিশে দাঁড়িয়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় । খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে তাকে উদ্ধার করে ।

এলাকার একাধিক ব্যক্তিরা জানান ৩ তলা ভবনের টয়লেটের ভেন্টিলেটারে গ্রিল না থাকার কারণে তারা জীবনের ঝুঁকি নিয়ে পালানোর চেষ্টা করে । মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে । বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন তারা।

এ বিষয়ে মাদ্রাসার পরিচালক হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিককে উল্টো প্রশ্ন করেন কেন লাইভ দিয়েছেন, কিসের নিউজ করবেন, কে অভিযোগ দিয়েছে । এ ঘটনার জন্য আমরা দায়ী না ।

মতলব দক্ষিণ ফায়ার স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভবনের তিন তলার জানালার কার্নিশ থেকে ওমর ফারুক নামে এক শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ।

সম্পর্কিত খবর