
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার মিজানুর রহমান।
মঙ্গলবার (৫ মে ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
অপরদিকে, চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসানকে উপ-পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা পদে বদলি করা হয়েছে। বিদায়ী পুলিশ সুপার মো. রবিউল হাসান সত্যতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেন । তিনি একজন সৎ ও সজ্জন ব্যক্তি ।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপ-সচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।
নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদানের পর তিনি বর্ণাঢ্য কর্মজীবনে পুলিশ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনাম, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গতকাল মঙ্গলবার (৫ মে) চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী মুঠোফোনে চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে চাঁদপুরের নতুন পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানকে শুভেচ্ছা ও স্বাগত জানান।
তিনি জানান, অতিদ্রুত ঝালকাঠি জেলা ত্যাগ করে পুলিশ হিসেবে চাঁদপুরে যোগদান করবেন।
এ ছাড়াও বিদায়ী পুলিশ সুপার মো. রবিউল হাসানকে মোবাইলে শুভেচ্ছা জানান এবং তার দায়িত্বকালীন সুনামের সহিত দায়িত্ব পালন করায় চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান ।




