শাহমাহমুদপুরে বিদ্যুতায়িত হয়ে শিশু গুরুতর আহত

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগি এলাকায় পাখির বাসা দেখতে হাই ভোল্টেজের বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুতায়িত হয়ে জারিফ (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছে।

এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকাল পৌনে ৯টার দিকে ওই ইউনিয়নের বেপারী বাড়ির পাশে এই ঘটনা ঘটে। জারিফ স্থানীয় মান্দারী সিনিয়র মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। গুরুতর আহত হওয়ার তথ্য নিশ্চিত করেন শাহমাহমুদপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কুদ্দুছ রোকন।

তিনি বলেন, এই ঘটনা মোবাইল ফোনে শিশুর মা সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তা বেগম জানিয়েছেন। শিশুর পিতা শিপন বেপারী বলেন, ঘটনার সময় তিনি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। তার ছেলে পাখির বাসা দেখতে বিদ্যুতের খুঁটিতে উঠে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক এলাকার সম্পর্কে ভাগিনা হাবিবসহ লোকজন তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে রেফার করা হয়। বর্তমানে সেখানে শিশুটি চিকিৎসাধীন আছে। শিশুর মা মুক্তা বেগম জানান, চিকিৎসা দেয়ার পর তার ছেলেকে আইসিইউতে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত নয়।

সম্পর্কিত খবর