
ইব্রাহীম খান : নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থী মানেই একে অপরের বিরুদ্ধে প্রচারণা ও কুৎসা রটানো । এটি যেন আমাদের সমাজের চিরাচরিত নিয়ম। সেই নিয়মকে ভুল প্রমাণ করে দিয়ে অনেকটা সহ অবস্থানে থেকে ব্যতিক্রমী কার্যক্রমের মধ্য দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন চাঁদপুরে বিএনপির ৩ হেভিওয়েট মেয়র প্রার্থী ।
গতকাল চাঁদপুরে এসএসসি পরীক্ষা কে কেন্দ্র করে তাদের কার্যক্রম ছিল অনেকটাই দৃষ্টিনন্দন ও মানবিক। আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি’র এই তিন মেয়র প্রার্থী হলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোশারফ হোসেন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি সম্ভাব্য মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি এদিন শিক্ষার্থীদের হাতে সুপ্রিয় পানির বোতল তুলে দেন।এবং শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের হাতে হাতপাখা তুলে দেন। যাতে এই প্রচন্ড গরমের মধ্যে অভিভাবকরা কিছুটা হলেও স্বস্তি পায়। এই মেয়র প্রার্থী এর আগেও দলের দুঃসময়ে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। দল ও দলের বাইরে তার ক্লিন ইমেজ রয়েছে। এমনকি দলের দুঃসময়ে নেতাকর্মীদের অন্যতম আশ্রয়স্থল ছিল আক্তার হোসেন মাঝির শহরের বিপনীবাগের অফিস ।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোশারফ হোসেনের উদ্যোগে এদিন মোশারফ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য কোমল পানির ব্যবস্থা করা হয়। এছাড়া শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের বিশ্রামের জন্য যাত্রী ছাউনির ব্যবস্থা করা হয়।এই মেয়র প্রার্থীও নিরবে নিভৃতে অসহায় ও প্রান্তিক মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। শুধু তই নয় দলের অসহায় নেতাকর্মীদেরও যেন অনেকটা ভরসারস্থল এই মেয়র প্রার্থী। এমনকি রাজনৈতিক ও ব্যবসায়িক মহলে তার শক্ত অবস্থান রয়েছে।
এদিকে আরেক তরুণ মেয়র প্রার্থী জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশের ক্লিন চাঁদপুরের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য সুপ্রিয় পানির ব্যবস্থা করা হয়।এছাড়াও শিক্ষার্থীরা যাতে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন সেজন্য নিজেই রাস্তায় ট্রাফিকের ভূমিকায় নেমে পড়েন। এই তরুণ তুর্কি মেয়র প্রার্থী ক্লিন চাঁদপুরের মাধ্যমে দীর্ঘদিন থেকে চাঁদপুরের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন । বিশেষত শহরের ময়লা আবর্জনা যানজট নিরসন রাস্তাঘাটের সমস্যা ও শহরের সৌন্দর্য বর্ধনে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।রাজনৈতিক ও আইন অঙ্গনে তার যথেষ্ট ক্লিন ইমেজ রয়েছে।
সবশেষ এই তিন মেয়র প্রার্থী থেকে হয়তো একজন মেয়র হবেন কিন্তু পৌরবাসীর প্রত্যাশা সুস্থ ধারার রাজনীতির এই চর্চা যেন বহমান থাকে।




