
মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার অভয়াশ্রমে জাটকা রক্ষা অভিযান পরিচালনা করে ২শ’ কেজি জাটকা ইলিশ ও পাঙ্গাসের পোনাসহ ৫ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ২ টি বেহুন্দী জাল, ১ টি নৌকা ও ৫ হাজার মিটার কারেন্ট জাল।
আটককৃতদের ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রোববার (১৯ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টা হতে রাত ১১ টা পর্যন্ত মোহনপুর ও দশানী সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, অভয়াশ্রমে জাটকা রক্ষায় উপরোল্লিখিত সময়ে পরিচালিত অভিযানশেষে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ কুলসুম মনি। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. হাফিজ ও ক্ষেত্র সহকারী মোশারফ হোসেন।
১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইসমাইলিচর গ্রামের বুজিম্বর রাজবংশীর ছেলে বিষ্ণু রাজ বংশী (৩৪), চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর গ্রামের মনি মিজির ছেলে হৃদয় আহমেদ (২২), মো. শরিফুল মণ্ডলের ছেলে মো. সুমন মণ্ডল (৪০), আব্দুল হাকিমের ছেলে নুর মোহাম্মদ (২০) ও সামছু ছৈয়ালের ছেলে সুমন ছৈয়াল (৪৫)।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ কুলসুম মনি বলেন, বাংলাদেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং জাটকা (ছোট ইলিশ) সংরক্ষণে সরকার প্রতি বছর নির্দিষ্ট সময়ে অভয়াশ্রম ঘোষণা এবং মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী অভিযান পরিচালনা করে। নিষেধাজ্ঞা চলাকালীন অভয়াশ্রমে মাছ ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ অভিযান নিয়মিত পরিচালিত হবে।




