চাঁদপুরে তেল সিন্ডিকেট বন্ধে কঠোর অবস্থান

স্টাফ রিপোর্টার :চাঁদপুরে তেল সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শেখ ফরিদ আহমদ মানিক। তিনি বলেন, কোনোভাবেই তেলের বাজারে সিন্ডিকেট করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে দেওয়া হবে না।

প্রশাসনের নজরদারি জোরদার করায় ইতোমধ্যে বাজার পরিস্থিতির উন্নতি হয়েছে। জানা গেছে, অনুমোদিত ডিলার ও এজেন্টরা এখন আর দোকান বন্ধ রেখে বেশি দামে ব্যারেলভিত্তিক তেল বিক্রি করতে পারছেন না।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান খোলা রেখে নির্ধারিত মূল্যে তেল বিক্রি করা হচ্ছে। ফলে সাধারণ মানুষ প্রয়োজন অনুযায়ী ন্যায্যমূল্যে তেল কিনতে পারছেন।

এদিকে, জেলা যুবদলের নেতাকর্মীরাও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা রাখছেন। জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার সকালে শহরের বিভিন্ন স্থানে উপস্থিত থেকে বাজার তদারকি করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, ডিলার ও সাধারণ জনগণের সঙ্গে কথা বলে তিনি ন্যায্যমূল্যে তেল বিক্রি নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় এজেন্ট ও ব্যবসায়ী প্রতিনিধিরা। তারা জানান, বর্তমান পরিস্থিতিতে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত দাম নেওয়ার সুযোগ নেই।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের তদারকি ও কঠোর অবস্থান অব্যাহত থাকলে চাঁদপুরের বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ ভোক্তারা আরও স্বস্তি পাবেন।

সম্পর্কিত খবর