চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মহসিন হোসাইন : চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা রোববার (১৮ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আরও জোরদারভাবে কাজ করতে হবে। তিনি জেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং যেকোনো সমস্যা বা প্রয়োজনীয় পরামর্শ জেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত সমাধানের আহ্বান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদার, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফয়সাল (সিভিল সার্জনের প্রতিনিধি), ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জ্যোতির্ময় ভৌমিক, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু তাহের এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম। বক্তারা হামের টিকাদান কার্যক্রম, হাসপাতালের সেবা উন্নয়ন, গ্রাম আদালতের মামলা নিয়মিতকরণসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

এসব বিষয়ে কার্যকর সমাধানের লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভার শুরুতে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাঃ মাহিয়া পারভিন। তিনি জানান, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬ এর প্রথম পর্যায় ৫ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ ৩ উপজেলা—সদর, পৌরসভা ও হাইমচরে চলমান রয়েছে। দ্বিতীয় পর্যায় ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত মোট ১১ কর্মদিবস) অনুষ্ঠিত হবে।

এ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৩,২১,৫৩৭ জন শিশুকে টিকা প্রদান করা হবে। জেলায় এ জন্য স্থাপন করা হয়েছে ২,৪২৪টি কমিউনিটি টিকা কেন্দ্র। এতে কাজ করছে ৩১৩টি টিকাদানকারী টিম, ৩১৩ জন টিকা প্রদানকারী, ৬২৬ জন স্বেচ্ছাসেবী এবং ৩১৩ জন প্রথম সারির তদারককারী। ইতোমধ্যে (১৮ এপ্রিল পর্যন্ত) ৬১,৭২০ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা কারাগারের জেল সুপার জয়নাল আবেদীন ভূঁইয়া, জেলা জনশক্তি ও কর্মসংস্থান কর্মকর্তা শফিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সম্পর্কিত খবর