চাঁদপুরে গ্যাসের মিটার স্থাপনে বাধা : চাহিদা-সরবরাহে ঘাটতি প্রকট

স্টাফ রিপোর্টার : গ্যাসের প্রকৃত চাহিদা ও ব্যবহার নিরূপণে উদ্যোগের অংশ হিসেবে চাঁদপুর শহরে প্রায় ১৫০টি গ্যাস মিটার স্থাপনের কাজ শুরু হলেও স্থানীয় ব্যবহারকারীদের বাধার মুখে পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল চাঁদপুর পুরান বাজার এলাকায় মিটার স্থাপনকালে এ বাধার ঘটনা ঘটে।

জানা গেছে, দেশের বিভিন্ন শহরে গ্যাস ব্যবহারের সঠিক তথ্য সংগ্রহের লক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ও বুয়েটের যৌথ উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে চাঁদপুর শহরেও মিটার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়। তবে মাঠপর্যায়ে কাজ শুরু হতেই স্থানীয় গ্যাস ব্যবহারকারীদের একটি অংশ আপত্তি জানিয়ে কাজে বিঘ্ন ঘটায়। এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা উপস্থিত থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে চাঁদপুর শহরে দৈনিক গ্যাসের আনুমানিক চাহিদা প্রায় ৯.৫ মিলিয়ন ঘনফুট হলেও সরবরাহ করা হচ্ছে মাত্র ৬ থেকে ৬.১৫ মিলিয়ন ঘনফুট। ফলে দীর্ঘদিন ধরেই গ্যাস সংকট ভোগ করছে নগরবাসী। বিশেষজ্ঞরা মনে করছেন, মিটার স্থাপনের মাধ্যমে প্রকৃত ব্যবহার নির্ধারণ করা সম্ভব হলে গ্যাস ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে এবং অপচয় কমানো যাবে। তবে এ কার্যক্রম সফল করতে স্থানীয় জনগণের সহযোগিতা জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্পর্কিত খবর